দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আরও ১১ কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) ডিএসই কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়। একই দিন থেকে তাদের চাকরির অবসানের সিদ্ধান্ত কার্যকর হয়েছে। ডিএসইর এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুঝহাত আনোয়ারের বক্তব্য পাওয়া যায়নি। তাঁকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। তাৎক্ষণিকভাবে চাকরিচ্যুত ১১ জনের সবার নাম ও পদবি জানা যায়নি। তবে তাঁদের মধ্যে সাধারণ প্রশাসন বিভাগের বিমল চন্দ্র, হ্যাপি, পপি, মনোয়ারা, আসমা, মুনজের, ফরিদ ও মোসতাক রয়েছেন বলে জানা গেছে। চাকরিচ্যুতির বিষয়ে বিমল চন্দ্র বলেন, ‘কর্তৃপক্ষ আগে আমাদের কিছু জানায়নি। আজ হঠাৎ ডেকে চাকরি অবসানের কথা জানানো হয়। শুনেছি, আমিসহ মোট ১১ জন এই তালিকায় আছেন।’ এর আগে সম্প্রতি আরও ১৭ জন কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করে ডিএসই। এর প্রতিবাদে ওই কর্মকর্তারা মানববন্ধন কর্মসূচি পালন করেন। সেখানে তাঁরা দাবি করেন, ডিএসইতে আরও ১৪০ জন কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করার তালিকা করা হয়েছে। এ পরিস্থিতিতে ডিএসইর কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চাকরি হারানোর আতঙ্ক আরও বেড়েছে। শু/আজা