সরকারি স্থাপনা, থানা ও আর্থিক প্রতিষ্ঠান হামলার লক্ষ্য হতে পারে নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বরজুড়ে দেশব্যাপী নাশকতার আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোয়েন্দা তথ্যের বরাতে পুলিশ কর্মকর্তারা বলছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি অংশের তৎপরতা এবং বিদেশে অবস্থানরত দলটির কয়েকজন নেতার নির্দেশনা ও অর্থায়নে সরকারি স্থাপনা, পুলিশি স্থাপনা, আর্থিক প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলার পরিকল্পনা থাকতে পারে। সম্ভাব্য এসব তৎপরতার বিশেষ লক্ষ্যবস্তু হিসেবে রাজধানী ঢাকাকে বিবেচনায় রাখা হচ্ছে। ঢাকায় আকস্মিক জমায়েত, প্রবেশপথে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং গুরুত্বপূর্ণ এলাকায় বিশৃঙ্খলা তৈরির আশঙ্কাও রয়েছে। সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে ১ লাখ ৭০ হাজার থেকে ১ লাখ ৮০ হাজার পুলিশ সদস্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে পুলিশ। পাশাপাশি নাশকতার পরিকল্পনাকারী, অর্থদাতা ও ইন্ধনদাতাদের শনাক্ত, পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা করা হয়েছে। পুলিশ ও গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, সম্ভাব্য নাশকতার পরিকল্পনা কেবল রাজনৈতিক জমায়েত বা যানবাহনে অগ্নিসংযোগের মধ্যে সীমাবদ্ধ নাও থাকতে পারে। সরকারি অফিস-আদালত, থানা, আর্থিক প্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও যোগাযোগব্যবস্থাও হামলার লক্ষ্য হতে পারে। বিশেষ গোয়েন্দা তথ্যে বিদেশে অবস্থানরত ব্যক্তিদের নির্দেশনা ও অর্থায়নে দেশের বিভিন্ন এলাকায় কমিটি গঠন করে সরকারি অফিস ও ভবনে নাশকতার পরিকল্পনার কথা উল্লেখ রয়েছে। দেশের ভেতরে আত্মগোপনে থাকা নেতাকর্মীরা এসব কর্মকাণ্ড সমন্বয় করতে পারেন বলে গোয়েন্দাদের ধারণা। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ, মোবাইল ফোনের কথোপকথন ও বার্তা, সামাজিক যোগাযোগমাধ্যমে তৎপরতা এবং মোবাইল ব্যাংকিংয়ের লেনদেন বিশ্লেষণ করে অর্থের জোগানদাতা, পরিকল্পনাকারী ও মাঠপর্যায়ের সমন্বয়কারীদের শনাক্তের চেষ্টা চলছে। গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জ থেকে লোকজন সংগঠিত করে রাজধানীর কোনো একটি এলাকায় হঠাৎ জমায়েতের পরিকল্পনা থাকতে পারে। এরপর রাজধানীর প্রবেশমুখ, গুরুত্বপূর্ণ সড়ক ও যোগাযোগব্যবস্থায় অবরোধ সৃষ্টি করে ঢাকাকে অচল বা বিচ্ছিন্ন করার চেষ্টা হতে পারে। এ ধরনের জমায়েতকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ, যানবাহনে অগ্নিসংযোগ এবং সরকারি স্থাপনায় হামলার পরিস্থিতি তৈরির আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। গোয়েন্দাদের ধারণা, রাজধানীর একাধিক স্থানে একযোগে জমায়েত কিংবা সড়কে প্রতিবন্ধকতা তৈরি করা হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে উঠতে পারে। তবে এ ধরনের কোনো পরিকল্পনা চূড়ান্ত হয়েছে কি না, কোথায় লোকজন জড়ো করা হবে কিংবা কারা সমন্বয় করছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি কর্মকর্তারা। গোয়েন্দা সংস্থাগুলো এসব তথ্য যাচাই করছে। গোপালগঞ্জ ও আশপাশের জেলায় বাড়তি সতর্কতা রাজধানীর পাশাপাশি গোপালগঞ্জ ও আশপাশের জেলার পরিস্থিতি নিয়েও বিশেষ উদ্বেগ রয়েছে। গোয়েন্দাদের আশঙ্কা, সড়ক ও নৌপথে নাশকতা চালিয়ে গোপালগঞ্জসহ চারটি জেলাকে দেশের অন্যান্য অঞ্চল থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হতে পারে। গুরুত্বপূর্ণ সড়কে অবরোধ, যানবাহনে আগুন এবং যোগাযোগব্যবস্থায় বিঘ্ন সৃষ্টির পরিকল্পনার তথ্য পেয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতার ধারাবাহিকতায় পুলিশের স্থাপনা ও যানবাহনে হামলার ঘটনাও নিরাপত্তা পরিকল্পনায় গুরুত্ব পাচ্ছে। এ কারণে রাজধানীর পাশাপাশি গোপালগঞ্জ ও আশপাশের জেলাগুলোর প্রবেশপথ, সড়ক এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় নজরদারি বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্বেগ বাড়িয়েছে। গত ১৫ নভেম্বর রাতে পাটগাতী বাজারে গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এতে ব্যাংকের ভেতরে থাকা আসবাব, নথিপত্র ও অন্যান্য সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়। এর আগে একই এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ এবং ব্যাংকের সামনে হামলার ঘটনাও ঘটে। ওই দিন গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় রাজনৈতিক কার্যালয়, নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। একটি আর্থিক প্রতিষ্ঠানে হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। কারণ, গোয়েন্দা সূত্রের আশঙ্কা অনুযায়ী, সম্ভাব্য নাশকতার লক্ষ্যবস্তুর তালিকায় সরকারি স্থাপনার পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানও থাকতে পারে। এর দুই দিন পর ১৭ নভেম্বর সন্ধ্যায় টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফেসবুক লাইভের ভিডিওতে দেখা যায়, কয়েকজনকে গ্রেপ্তারের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা থানার সামনে জড়ো হন। পরে তাঁদের একটি অংশ থানায় হামলা চালিয়ে ভবনের বিভিন্ন অংশ ও প্রাঙ্গণে থাকা যানবাহনে আগুন দেয়। হামলাকারীরা আটক ব্যক্তিদের ছিনিয়ে নিয়ে গেছেন বলেও খবর পাওয়া গেছে। থানার আগ্নেয়াস্ত্র লুটের খবরও কয়েকটি সূত্রে এসেছে। এসব ঘটনার বিস্তারিত তদন্ত ও তথ্য যাচাইয়ের বিষয় রয়েছে। গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে বাস ও অন্যান্য যানবাহনে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং পুলিশের স্থাপনা লক্ষ্য করে হামলার ঘটনা ঘটছে। পুলিশ সদর দপ্তরের সূত্রের তথ্য অনুযায়ী, ৭ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত ১০ দিনে সারা দেশে ৪৯টি যানবাহনে অগ্নিসংযোগ এবং ৫৯টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৩৩টি মামলা হয়েছে এবং ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুটি পুলিশ স্থাপনাও ককটেল হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এর আগে এক পর্যায়ে তিন দিনে ১৯টি বাসে আগুন এবং ২৭টি স্থানে ককটেল বিস্ফোরণের তথ্য জানিয়েছিল পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, ১৭ নভেম্বর সন্ধ্যার পরও রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় কারা জড়িত এবং ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করা হচ্ছে। সাম্প্রতিক অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনাগুলোকে ডিসেম্বর ঘিরে সম্ভাব্য নাশকতার আশঙ্কার সঙ্গে মিলিয়ে দেখছেন গোয়েন্দা কর্মকর্তারা। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে ঘিরেও নজরদারি সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাও আলোচনায় এসেছে। গত ৯ নভেম্বর তাঁর আইনজীবীদের পক্ষ থেকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে আবেদন করার খবর প্রকাশিত হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, শেখ হাসিনা ডিসেম্বর মাসে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা জানিয়েছেন। তাঁর বিদ্যমান ভ্রমণ নথি বাতিল হওয়ায় নতুন নথি চাওয়ার বিষয়টি সামনে আসে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাঁকে দেশে ফেরানোর ক্ষেত্রে প্রত্যর্পণ প্রক্রিয়ার কথা বলা হয়েছে। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ডিসেম্বর মাসে শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচির ঘোষণা দিচ্ছেন। এসব ঘোষণাকে ঘিরে দেশের ভেতরে দলটির নেতাকর্মীদের সংগঠিত হওয়ার চেষ্টা চলছে কি না, তা নজরদারিতে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নাম প্রকাশ না করার শর্তে পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বরজুড়ে দেশে বড় ধরনের নাশকতার আশঙ্কা রয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে এ ধরনের কর্মকাণ্ড ঘটতে পারে। এ বিষয়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছ থেকে পুলিশ তথ্য পাচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা ও অভিযান পরিকল্পনা সাজানো হচ্ছে। তিনি বলেন, সাইবার জগৎ থেকে শুরু করে মাঠপর্যায় এবং প্রতিটি থানার আওতাধীন পাড়া-মহল্লায় পুলিশের নজরদারি ও কার্যক্রম জোরদার করা হবে। নভেম্বরের শেষ সপ্তাহ থেকে সারা দেশে ১ লাখ ৭০ হাজার থেকে ১ লাখ ৮০ হাজার পুলিশ সদস্য মোতায়েনের পরিকল্পনা রয়েছে। ঝুঁকিপূর্ণ জেলা, রাজধানীর প্রবেশমুখ, গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা, থানা, সড়ক ও যোগাযোগব্যবস্থায় বাড়তি নিরাপত্তা দেওয়া হবে। ওই কর্মকর্তা আরও বলেন, পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন মামলার যেসব আসামি নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকতে পারেন কিংবা এ ধরনের কর্মকাণ্ডের পরিকল্পনা করছেন, তাঁদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চালানো হবে। একই সঙ্গে অবৈধ অস্ত্র উদ্ধারে দেশের সব থানাকে নির্দেশ দেওয়া হয়েছে। আসামি গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারে সারা দেশে সমন্বিত অভিযান পরিচালনার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সাইবার নজরদারি থেকে মাঠপর্যায়ের অভিযান—সব পর্যায়ে সমন্বয় রেখে কাজ করার পরিকল্পনা রয়েছে পুলিশের। গোয়েন্দা সূত্রের দাবি, সাম্প্রতিক নাশকতার ঘটনায় অর্থের জোগানদাতা ও পরিকল্পনাকারীদের শনাক্তের কাজও এগিয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মোবাইল ফোনের কথোপকথন, বার্তা এবং মোবাইল ব্যাংকিংয়ের লেনদেন বিশ্লেষণ করে বিদেশে অবস্থানরত ব্যক্তিদের সঙ্গে দেশের ভেতরের কয়েকজনের যোগাযোগের তথ্য পাওয়া গেছে। বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের কয়েকজনের অর্থায়নের অভিযোগও তদন্ত করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। দেশের ভেতরে আত্মগোপনে থাকা নেতাকর্মীরা সমন্বয় করে নাশকতার ঘটনা ঘটাচ্ছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কিছু ঘটনায় অর্থের বিনিময়ে লোক ভাড়া করে অগ্নিসংযোগ ও বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে তদন্তসংশ্লিষ্টদের দাবি। আবার কিছু ঘটনায় দলটির নেতাকর্মীরা সরাসরি অংশ নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে ১৬ নভেম্বর ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, নাশকতার ঘটনায় অর্থ জোগানদাতা, পরিকল্পনাকারী ও ইন্ধনদাতাদের কয়েকজনের নাম গোয়েন্দাদের হাতে এসেছে। তাঁদের মধ্যে কেউ দেশের বাইরে, আবার কেউ ঢাকার ভেতরে আত্মগোপনে রয়েছেন। তাঁদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নাশকতাকারীরা রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগসহ বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটিয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কারণে তাঁরা বেশি দূর এগোতে পারেননি। নাশকতাকারীদের পরিকল্পনা নস্যাৎ করতে অভিযান অব্যাহত রয়েছে। শ্রমিক আন্দোলনে তৃতীয় পক্ষের ইন্ধনের অভিযোগও তদন্তে গার্মেন্টসশ্রমিকদের সাম্প্রতিক আন্দোলন ঘিরেও আওয়ামী লীগের কিছু নেতাকর্মীর সংশ্লিষ্টতার আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে শ্রমিকদের মজুরি বৃদ্ধি, কর্মপরিবেশ ও অন্যান্য দাবিতে চলা আন্দোলনের সঙ্গে রাজনৈতিক ইন্ধনের অভিযোগকে এক করে দেখছেন না সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাঁদের বক্তব্য, শ্রমিকদের ন্যায্য দাবি ও আন্দোলনের অধিকার রয়েছে। তবে সেই আন্দোলনের মধ্যে কোনো পক্ষ ঢুকে সহিংসতা, অগ্নিসংযোগ বা পুলিশের ওপর হামলার মতো ঘটনা ঘটাচ্ছে কি না, তা তদন্ত করা হচ্ছে। শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরির পেছনে তৃতীয় পক্ষের ইন্ধন থাকতে পারে বলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আগেও আশঙ্কা প্রকাশ করেছেন। মিরপুরে শ্রমিক আন্দোলনের সময় পুলিশ কনস্টেবল মো. সাইমনকে ঘিরে ধরে মারধরের ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করছে গোয়েন্দা পুলিশ। ওই ঘটনায় কারা সরাসরি অংশ নিয়েছেন এবং কারা পেছন থেকে ইন্ধন দিয়েছেন, তা শনাক্তের চেষ্টা চলছে। গোয়েন্দা সূত্রের দাবি, এ ঘটনায় তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সাবেক সভাপতি এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচির সংশ্লিষ্টতার অভিযোগ তদন্ত করা হচ্ছে। একই ঘটনায় সাবেক দুই অতিরিক্ত আইজিপি এবং সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লার সংশ্লিষ্টতার তথ্যও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। এসব অভিযোগ এখনো তদন্তাধীন। সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা তদন্তের চূড়ান্ত ফলাফল বা আদালতে প্রতিষ্ঠিত হয়নি। পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা ঢাকা পোস্টকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, পুলিশের নজরদারি ও টহল বৃদ্ধি, চেকপোস্ট স্থাপন এবং দ্রুত সাড়া দেওয়ার মতো কার্যক্রম নেওয়া হয়েছে। পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করবে। কাউকে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর সুযোগ দেওয়া হবে না। কেউ নাশকতার চেষ্টা করলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে। পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির ৬৪ জেলার পুলিশ সুপার, আট মহানগরের পুলিশ কমিশনার এবং আট রেঞ্জের উপমহাপরিদর্শককে বিশেষ নির্দেশনা দিয়েছেন। নাশকতায় সরাসরি জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা, ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আগাম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজধানীর আশপাশের জেলাগুলোর পুলিশ সুপারদেরও সতর্ক থাকতে বলা হয়েছে। গোপালগঞ্জে অতিরিক্ত পুলিশ সদস্যের পাশাপাশি ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক, জনসমাগমস্থল, থানা ও সরকারি স্থাপনায় নজরদারি বাড়ানো হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ডিসেম্বর ঘিরে পুলিশের প্রস্তুতি শুধু সদস্য মোতায়েনের মধ্যে সীমাবদ্ধ নয়। সম্ভাব্য নাশকতার অর্থের উৎস, নির্দেশদাতা, পরিকল্পনাকারী, মাঠপর্যায়ের সমন্বয়কারী এবং সরাসরি হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের আলাদাভাবে শনাক্তের চেষ্টা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো উসকানিমূলক বক্তব্য, পুরোনো ঘটনার ভিডিও নতুন করে প্রচার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভুয়া ভিডিও শনাক্তেও পুলিশের সাইবার ইউনিট কাজ করবে। একই সঙ্গে পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চালানোর প্রস্তুতি রয়েছে। রাজধানীতে আকস্মিক জমায়েত বা ঘেরাওয়ের চেষ্টা, সরকারি অফিস-আদালত ও আর্থিক প্রতিষ্ঠানে হামলা এবং সড়ক-নৌপথে যোগাযোগ বিচ্ছিন্ন করার যেকোনো অপচেষ্টা ঠেকাতে আগাম ব্যবস্থা নেওয়াই এখন পুলিশের প্রধান লক্ষ্য। সাম্প্রতিক অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা এবং টুঙ্গিপাড়া থানায় হামলার পর ডিসেম্বরের নিরাপত্তা পরিস্থিতিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।