প্রকাশ :: ... | ... | ...

ঢাকায় সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী


সংযুক্ত ছবি

ঢাকা মেট্রোপলিটন এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যেসব কর্মকর্তা ব্যর্থ হবেন, তাঁদের বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। শনিবার (২২ আগস্ট) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চাঁদা না দেওয়ায় হামলার শিকার চিকিৎসক অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারাদেশে চাঁদাবাজদের তালিকা তৈরি করা হচ্ছে। শুধু চাঁদাবাজদেরই নয়, যেসব পুলিশ সদস্য এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত, তাঁদেরও তালিকা করা হচ্ছে। চিকিৎসকের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধী চক্রটির সাত সদস্যের মধ্যে ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, গত সোমবার (১৭ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের ওপর একদল দুর্বৃত্ত হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।