প্রকাশ :: ... | ... | ...

ঢাকা কেন্দ্রীয় কারাগারের তিন বন্দীর মৃত্যু


সংযুক্ত ছবি

কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিন বন্দীর মৃত্যু হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) পৃথক সময়ে তাঁদের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুজন হাজতি ও একজন কয়েদি। মৃতরা হলেন—আবুল বাশার (৫৮), আব্দুল কাইয়ম (৬২) ও মো. শাহাদত হোসেন লিটন (৫২)। দুই হাজতির মৃত্যুর ব্যবধান ছিল ১ ঘণ্টা ৪০ মিনিট। হাসপাতাল সূত্রে জানা যায়, অসুস্থ আবুল বাশারকে সকালে কয়েকজন কারারক্ষী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল ৭টা ২৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি চাঁদপুরের কচুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় বন্দী ছিলেন। অপর হাজতি আব্দুল কাইয়মকেও সকালে কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষীরা হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল ৯টা ৫ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি আটটি মামলায় বন্দী ছিলেন। এ ছাড়া কয়েদি শাহাদত হোসেন লিটনকে গত ২৮ আগস্ট অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেলের মেডিসিন বিভাগের ৫০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল পৌনে ৯টার দিকে তাঁর মৃত্যু হয়। তিনি দ্রুত বিচার ট্রাইব্যুনাল ও উত্তরা থানার পৃথক মামলায় বন্দী ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শু/আজা