ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের দুই বন্দীর মৃত্যু হয়েছে। তাঁরা হলেন কয়েদি শাহজামাল তব্দুল হোসেন (৫০) ও হাজতি মো. আবদুল্লাহ আল মামুন (২৪)।.হাসপাতাল ও কারাগার সূত্রে জানা গেছে, ২২ নভেম্বর কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শাহজামাল তব্দুল হোসেন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের মেডিসিন বিভাগের ৭০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয় তাঁকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। শাহজামাল যশোরের বেনাপোলের রুহুল আমিনের ছেলে।.অন্যদিকে কিডনি–জটিলতা ও ক্যানসারে ভুগছিলেন হাজতি মো. আবদুল্লাহ আল মামুন। আজ বৃহস্পতিবার সকালে কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষী আমিনুলসহ কয়েকজন তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর সকাল সাড়ে সাতটার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আবদুল্লাহ আল মামুনের বাবার নাম মৃত মো. মোকলেস শেখ।.ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন দুই বন্দীর মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য দুজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাঁরা কোন মামলায় বন্দী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।