সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী ডা. দীপু মনির স্বামী এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বাদ জোহর রাজধানীর গুলশান কেন্দ্রীয় আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে দুপুর সোয়া ১২টার দিকে ধানমন্ডির কলাবাগানের বাসা থেকে তার মরদেহ মসজিদে নেওয়া হয়। পরে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। বৃহস্পতিবার সকালে তৌফিক নেওয়াজের মরদেহ ঢাকার কলাবাগানে তার নিজ বাসভবনে নেওয়া হয়। সেখানে স্বামীর মরদেহ দেখেন দীপু মনি। ফ্রিজিং গাড়িতে রাখা স্বামীর মরদেহ দেখে অশ্রুসিক্ত চোখে শেষ বিদায় জানান তিনি। এর আগে বুধবার দুপুরে দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম তার চার দিনের প্যারোলে মুক্তির আবেদন করেন। পরে মুন্সিগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার জন্য তার প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করেন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় একাধিক মামলার আসামি হয়ে দীপু মনি মুন্সিগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন। দীর্ঘদিন ধরে তার স্বামী তৌফিক নেওয়াজ কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন। স্বামীর সঙ্গে কারাগারের বাইরে সাক্ষাতের অনুমতি চেয়ে একাধিকবার আবেদন করেও অনুমতি পাননি দীপু মনি। আদালতে তাকে হাজির করা হলে তৌফিক নেওয়াজ শয্যাশায়ী অবস্থায় স্ট্রেচারে করে আদালতে গিয়ে তার সঙ্গে দেখা করতেন। শু/আজা