প্রকাশ :: ... | ... | ...

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রী কে পেলেন কোনটি


সংযুক্ত ছবি

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদলের পর নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শুক্রবার শপথ নেওয়া নতুন ছয়জনসহ মন্ত্রিসভার মোট সাত সদস্যের দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খানকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে এ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিমন্ত্রী থেকে পদোন্নতি পেয়ে মন্ত্রী হওয়া এম রশিদুজ্জামান মিল্লাত পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব। এত দিন তিনি একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি জামালপুর-১ আসনের সংসদ সদস্য। বান্দরবান আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রুকে দেওয়া হয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব। গত ১ জুন দীপেন দেওয়ান পদত্যাগ করার পর থেকে মন্ত্রণালয়টির মন্ত্রীর পদটি শূন্য ছিল। বিএনপির জোটসঙ্গী বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ পেয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব। এর আগে এ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন জহির উদ্দিন স্বপন। তাঁকে মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আফরোজা খানম রিতাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ে বর্তমানে প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন মো. আব্দুল বারী। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে টেকনোক্র্যাট হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। এ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে রয়েছেন ড. খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন শামা ওবায়েদ। ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করবেন। সাম্প্রতিক সময়ে একই মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী থাকার নজির খুব একটা দেখা যায়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী ড. খলিলুর রহমান আগামী ৮ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন। তাঁর নতুন দায়িত্বের আগে মন্ত্রণালয়ে আরও একজন প্রতিমন্ত্রী যুক্ত হওয়াকে গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। এ ছাড়া গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সারকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। এ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে রয়েছেন কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় এই প্রথম বড় ধরনের রদবদল হলো। নতুন ছয়জন যুক্ত হওয়ার পাশাপাশি কয়েকজনের দায়িত্ব পরিবর্তনের ফলে সরকারের মন্ত্রিসভার আকারও বেড়েছে। সব মিলিয়ে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যসংখ্যা এখন ৫১ জন। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া ২৮ জন মন্ত্রী এবং ২৩ জন প্রতিমন্ত্রী রয়েছেন।