প্রকাশ :: ... | ... | ...

নতুন সরিষার জাত নিয়ে নয়া স্বপ্ন


সংযুক্ত ছবি

ছবি: সংগৃহীত

এইচ এম শহীদুল ইসলাম, সিলেট প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ০৯: ৫৬ আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৯: ৫৭ অম্লীয় মাটি, হাওর ও লবণাক্ত উপকূলীয় জমিতে চাষের উপযোগী নতুন সরিষার জাত ‘সিকৃবি সরিষা-১’। হেক্টরপ্রতি গড় ফলন ৭ দশমিক ৫ টন বলে দাবি গবেষকদের। জাতটি কৃষকের কাছে পৌঁছাতে পারলে দেশের তেলবীজ উৎপাদন বাড়ানো ও আমদানিনির্ভরতা কমানোর নতুন সুযোগ তৈরি হতে পারে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) গবেষকদের উদ্ভাবিত ‘সিকৃবি সরিষা-১’ জাতীয় বীজ বোর্ডের অনুমোদন ও নিবন্ধন পেয়েছে গত ৮ অক্টোবর। নিবন্ধিত জাতটি ব্রাসিকা ন্যাপাস প্রজাতির। অধ্যাপক ড. দিলারা আক্তারের নেতৃত্বে চার মৌসুমের গবেষণায় জাতটি উদ্ভাবন করা হয়। গবেষকদের তথ্যমতে, জাতটির হেক্টরপ্রতি গড় ফলন ৭ দশমিক ৫ টন এবং আয়-ব্যয়ের অনুপাত (বিসিআর) ৫ দশমিক ১। এতে তেলের পরিমাণ ৪২ থেকে ৪৪ শতাংশ। ক্ষতিকর ইরুসিক অ্যাসিডের মাত্রাও কম। অম্লীয় মাটি, হাওরাঞ্চল এবং ৭-৮ ডেসিসিমেন্স/মিটার পর্যন্ত লবণাক্ততা সহ্য করে জাতটি চাষ করা যায়। অল্টারনারিয়া রোগের বিরুদ্ধে মাঝারি প্রতিরোধক্ষমতা এবং জাবপোকার তুলনামূলক কম আক্রমণও এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। ২০২২-২৩ মৌসুমে চীন থেকে সংগৃহীত জার্মপ্লাজম থেকে L-8 লাইনটি নির্বাচন করে গবেষণা শুরু হয়। পরবর্তী সময়ে দেশের পাঁচটি কৃষি-পরিবেশ অঞ্চলে পরীক্ষামূলকভাবে জাতটি চাষ করা হয়। ২০২৫-২৬ মৌসুমে সিলেট, জগন্নাথপুর, হালুয়াঘাট, উল্লাপাড়া ও কয়রায় অগ্রবর্তী ট্রায়ালে জাতটির ফলন ও অভিযোজনক্ষমতা যাচাই করা হয়। পরীক্ষায় প্রচলিত বিনাসরিষা-৪ ও বিনাসরিষা-৯-এর তুলনায় বেশি ফলন পাওয়া গেছে বলে জানিয়েছেন গবেষকরা। অধ্যাপক ড. দিলারা আক্তার বলেন, সিলেট, হাওর ও উপকূলীয় অঞ্চলের অনাবাদি ও প্রতিকূল জমিতে এ জাতের চাষ সম্প্রসারণ করা গেলে দেশে তেলবীজের উৎপাদন বাড়বে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ উদ্ভাবনকে সিকৃবির গবেষণার গুরুত্বপূর্ণ অর্জন উল্লেখ করে বলেন, পতিত ও প্রতিকূল জমিকে উৎপাদনের আওতায় আনতে জাতটি ভূমিকা রাখতে পারে। রবি মৌসুমে মধ্য অক্টোবর থেকে মধ্য ফেব্রুয়ারি পর্যন্ত জাতটি চাষ করা যায়। ফসল সংগ্রহে সময় লাগে ১১৫-১২৫ দিন। গাছের উচ্চতা ২০০-২৩০ সেন্টিমিটার এবং ফুলের রঙ উজ্জ্বল হলুদ। গবেষকদের সুপারিশ অনুযায়ী, প্রতি হেক্টরে ১ দশমিক ৮ কেজি বীজ বপন করতে হবে। সারিতে বপনের ক্ষেত্রে গাছ থেকে গাছ এবং সারি থেকে সারির দূরত্ব ২৫ সেন্টিমিটার রাখার পরামর্শ দেওয়া হয়েছে। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন