অনলাইন সংবাদমাধ্যমকে সরকারি বিজ্ঞাপন ও নীতিসহায়তার আশ্বাস তথ্যমন্ত্রী-প্রতিমন্ত্রীর; নিবন্ধনবিহীন পোর্টাল বন্ধের দাবি সম্পাদকদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম গণমাধ্যমে প্রচার না করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, ২০২৫ সালের ১২ মে প্রকাশিত সরকারি প্রজ্ঞাপনে আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে গণমাধ্যমকে বিদ্যমান আইন ও প্রজ্ঞাপনের বিধিনিষেধের প্রতি দায়িত্বশীল থাকতে হবে। সোমবার (১৬ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ ও প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে নিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যমের সরকারি বিজ্ঞাপন, নীতিগত সহায়তা, নিবন্ধন প্রক্রিয়া সহজ করা এবং অনিবন্ধিত নিউজ পোর্টালের কার্যক্রম নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, যারা আগুন সন্ত্রাস করছে এবং গণহত্যার সঙ্গে জড়িত হয়ে দেশ ছেড়ে পালিয়েছে, তাদের সংবাদ প্রচার জনগণ ভালোভাবে দেখবে না। সরকার বাক্স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। সংবাদ প্রচারে সরকার কোনো চাপ দেয়নি, কোনো সংস্থাও সংবাদ প্রত্যাহারের জন্য চাপ দেয়নি বলে দাবি করেন তিনি। ইয়াসের খান চৌধুরী বলেন, গত ১৭ বছরে অনেক গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে, সাংবাদিকদের গুম ও তুলে নেওয়া হয়েছে। বর্তমান সরকার এমন কিছু করবে না। তবে ফ্যাসিবাদকে প্রশ্রয় না দেওয়ার আহ্বান জানান তিনি। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে এ ভূমিকা অব্যাহত রাখার প্রত্যাশাও জানান প্রতিমন্ত্রী। বৈঠকে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বাক্স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। দায়িত্ব গ্রহণের পর গত আট-নয় মাসে কোনো গুম কিংবা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি বলে উল্লেখ করে সরকারের ইতিবাচক উদ্যোগগুলোও গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, সরকার গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিকভাবে মতবিনিময় করছে। তাঁদের দাবি-দাওয়া ও সমস্যাগুলো শুনে পর্যালোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। অনলাইন সংবাদমাধ্যমের নিবন্ধন, স্বীকৃতি ও সুযোগ-সুবিধার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে কয়েক সপ্তাহ ধরে পর্যালোচনা চলছে এবং অনলাইন পোর্টালগুলোকে নিবন্ধনের আওতায় আনার উপায় নির্ধারণে একটি কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে ইয়াসের খান চৌধুরী বলেন, সাংবাদিকেরা খোলামনে লিখবেন। সরকারের ভুল-ত্রুটি তুলে ধরতে কোনো বাধা নেই। তবে সংবাদে বাস্তব তথ্য ও যথাযথ প্রেক্ষাপট নিশ্চিত করতে হবে। বিশেষ করে বিদেশের কোনো ঘটনা নিয়ে সংবাদ প্রকাশের সময় শিরোনামে স্থান বা দেশের নাম উল্লেখ না করলে পাঠক বিভ্রান্ত হতে পারেন। এ ধরনের ভুল এড়াতে সংবাদ পরিবেশনে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান নিয়ে তথ্যমন্ত্রীর বক্তব্য বৈঠক শেষে তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান নিয়ে বক্তব্য দেন। তিনি বলেন, দলটির কর্মসূচি রাজনৈতিক দেউলিয়াত্বের পরিচয়। গোপালগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও দলটির অস্তিত্ব নেই বলে মন্তব্য করেন তিনি। তথ্যমন্ত্রীর দাবি, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে গ্রহণযোগ্যতা হারিয়েছে এবং শেখ হাসিনার দেশে ফেরার রাজনৈতিক সম্ভাবনা নেই। জনগণ দলটিকে প্রত্যাখ্যান করেছে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, গত আট মাসে দেশে কোনো ব্যাংক লুট কিংবা বিদ্যুৎ খাতে দুর্নীতির ঘটনা ঘটেনি। আলোচনার কেন্দ্রবিন্দুতে আসতেই আওয়ামী লীগ সহিংস রাজনীতি করছে বলে তিনি মনে করেন। আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের শাসনামলে দেশের অর্থনীতির ব্যাপক ক্ষতি হয়েছে দাবি করে আন্দালিব রহমান পার্থ বলেন, ব্যাংকিং খাতের সম্পদ ও আর্থিক হিসাব ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর মতে, দেশের ভবিষ্যৎও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান কঠিন সময়ে সরকার পরিচালনার দায়িত্ব নিয়েছেন বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। অনলাইন পোর্টালে সরকারি বিজ্ঞাপনের দাবি বৈঠকে দেশের নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোকে সরকারি বিজ্ঞাপনসহ নীতিগত সহায়তা দেওয়ার দাবি জানান অনলাইন এডিটরস ফোরামের প্রতিনিধিরা। তথ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রী এ দাবিকে যৌক্তিক বলে উল্লেখ করেন এবং এ বিষয়ে শিগগির উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। ফোরামের আহ্বায়ক ও রাজনীতি ডটকমের সম্পাদক শরিফুজ্জামান পিন্টু অনলাইন সংবাদমাধ্যমগুলোর সমস্যা ও সমাধানের প্রস্তাব তুলে ধরেন। বক্তব্য দেন ফোরামের সদস্যসচিব ও ঢাকা স্ট্রিমের সম্পাদক গোলাম ইফতেখার মাহমুদ, প্রধান পৃষ্ঠপোষক ও সোনালী নিউজের প্রকাশক মোহাম্মদ ইউনূছ, জাগো নিউজের সম্পাদক কে এম জিয়াউল হক, খবরের সংযোগের সম্পাদক নজরুল ইসলাম, ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল, দেশ সমাচারের সম্পাদক শাহাদাত হোসেন এবং রাইজিং বিডির নির্বাহী সম্পাদক তাপস রায়। ফোরামের লিখিত বক্তব্যে বলা হয়, নিবন্ধন দেওয়ার বাইরে অনলাইন নিউজ পোর্টালগুলোর জন্য সরকারের কার্যকর নীতিগত সহায়তা প্রায় নেই। নিবন্ধিত পোর্টালগুলোকে সরকারি বিজ্ঞাপনের আওতায় আনতে একটি প্রজ্ঞাপন বা সরকারি আদেশ জারি করলেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তা বাস্তবায়ন করতে পারবে। এতে সরকারের অতিরিক্ত আর্থিক দায় তৈরি হবে না বলেও দাবি করেন তাঁরা। বিজ্ঞাপন বণ্টনের ক্ষেত্রে পেজভিউ, নিজস্ব কার্যালয়, জনবলসহ প্রয়োজনীয় সূচক বিবেচনায় নিয়ে তথ্য অধিদপ্তর বা মন্ত্রণালয়ের অধীন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে পূর্ণাঙ্গ নীতিমালা তৈরির প্রস্তাব দেন সম্পাদকরা। অন্তর্বর্তী সরকারের মিডিয়া কমিশনও এ বিষয়ে সুপারিশ করেছিল বলে ফোরামের লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়। নিবন্ধনবিহীন পোর্টাল বন্ধের দাবি ফোরামের পক্ষ থেকে জানানো হয়, দেশে বর্তমানে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা ২৮৩টি। আরও কয়েকশ আবেদন প্রক্রিয়াধীন। অন্যদিকে, নিবন্ধন ছাড়াই ডোমেইন কিনে ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে কয়েক হাজার ওয়েবসাইট নিজেদের অনলাইন নিউজ পোর্টাল হিসেবে পরিচালনা করছে। সম্পাদকদের মতে, সাধারণ পাঠকের পক্ষে নিবন্ধিত ও অনিবন্ধিত প্ল্যাটফর্মের পার্থক্য বোঝা কঠিন। এতে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। মত প্রকাশের স্বাধীনতা অক্ষুণ্ণ রেখে অনলাইন সংবাদমাধ্যমে শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য নিবন্ধন বাধ্যতামূলক করার দাবি জানান তাঁরা। সংবাদপত্র, টেলিভিশন ও রেডিওর মতো অনলাইন নিউজ পোর্টালের ক্ষেত্রেও নিবন্ধন বাধ্যতামূলক করার প্রস্তাব দেন সম্পাদকরা। তাঁদের প্রস্তাব, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা গোয়েন্দা সংস্থার প্রতিবেদন পাওয়ার আগে কোনো পোর্টালের সংবাদ কার্যক্রম শুরু করার সুযোগ রাখা উচিত নয়। নবায়ন ফি ও প্রশাসনিক জটিলতা কমানোর দাবি অনলাইন এডিটরস ফোরাম জানায়, নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোকে প্রতিবছর পাঁচ হাজার টাকা নবায়ন ফি দিতে হচ্ছে। অথচ অন্যান্য গণমাধ্যমের ক্ষেত্রে একবার লাইসেন্স বা অনুমোদন নেওয়ার পর নিয়মিত নবায়নের বাধ্যবাধকতা নেই। তাই অনলাইন সংবাদমাধ্যমের বার্ষিক নবায়ন ও ফি বহাল রাখার যৌক্তিকতা পুনর্বিবেচনার দাবি জানান সম্পাদকরা। অন্তর্বর্তী সরকারের মিডিয়া কমিশনও নবায়ন প্রক্রিয়া ও লাইসেন্স ফি বাতিলের সুপারিশ করেছিল বলে তাঁরা উল্লেখ করেন। পোর্টালের কার্যালয়ের ঠিকানা পরিবর্তনের প্রক্রিয়া সহজ করার দাবিও জানান তাঁরা। সম্পাদকদের অভিযোগ, ঠিকানা পরিবর্তনের একটি সাধারণ আবেদন অনুমোদনের জন্য মন্ত্রী ও সচিব পর্যায় পর্যন্ত পাঠাতে হয়। এ ক্ষেত্রে দুটি গোয়েন্দা সংস্থার মতামত নেওয়া এবং তথ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে একাধিকবার ফাইল আদান-প্রদান করতে হয়। এতে দীর্ঘসূত্রতা ও প্রশাসনিক জটিলতা তৈরি হচ্ছে। সম্পাদকদের মতে, অনলাইন সাংবাদিকতা এখন মূলধারার গণমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত। প্রায় সব প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের অনলাইন সংস্করণ রয়েছে। এসব প্রতিষ্ঠানের আয়ের বিভিন্ন উৎস ও সরকারি পৃষ্ঠপোষকতাও আছে। কিন্তু শুধু অনলাইনভিত্তিক প্রতিষ্ঠানগুলো আর্থিক ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে টিকে থাকার সংগ্রাম করছে। তাঁদের দাবি, নিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যমের জন্য সরকারি বিজ্ঞাপন, নবায়ন ফি পুনর্বিবেচনা, নিবন্ধনবহির্ভূত পোর্টালের বিষয়ে কার্যকর নীতিমালা এবং প্রশাসনিক জটিলতা নিরসনে উদ্যোগ নেওয়া হলে এ খাতে পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ আরও সুসংহত হবে।