প্রকাশ :: ... | ... | ...

নোবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ছাত্রদলের দোয়া ও মিলাদ


সংযুক্ত ছবি

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁকে স্মরণ করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নোবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। রোববার (১৬ আগস্ট) বাদ আছর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, নোবিপ্রবি ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক হাসিবুল হোসেনসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। নোবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসিবুল হোসেন জানান, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আমরা তাঁর রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করছি। নোবিপ্রবি ছাত্রদল সভাপতি জাহিদ হাসান বলেন, আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজ দলমত নির্বিশেষে সবাই শ্রদ্ধার সাথে স্মরণ করছে। তাঁর আদর্শ ধারণ করে আমরা পরমতসহিষ্ণু, গণতান্ত্রিক ও দায়িত্বশীল রাজনীতির চর্চা অব্যাহত রাখতে চাই। তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া আজ জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত। এটি আমাদের জন্য গর্বের বিষয়। একইসাথে সুযোগসন্ধানী কোনো অপশক্তি যেন তাঁর নাম ও সাইনবোর্ড ব্যবহার করে সংগঠনকে ক্ষতিগ্রস্ত করতে না পারে, সে বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নোবিপ্রবি শাখা সর্বদা সতর্ক ও সচেতন থাকবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান। উল্লেখ্য, দীর্ঘদিন অসুস্থ থাকার পর ২০২৫ সালের ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বেগম খালেদা জিয়া। পরদিন ৩১ ডিসেম্বর তাঁর জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় ঢাকার জিয়া উদ্যানে স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাঁকে দাফন করা হয়। শু/আজা