প্রকাশ :: ... | ... | ...

পরিচয় গোপন করে দুই মাস ধরে লক্ষ্মীপুরে আত্মগোপনে ছিলেন ‘বোমারু মামুন’


সংযুক্ত ছবি

উগ্রবাদী সংগঠন নব্য জেএমবির সদস্য নাজমুল হাসান মামুন ওরফে ‘বোমারু মামুন’ প্রায় দুই মাস ধরে পরিচয় গোপন করে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় আত্মগোপনে ছিলেন। স্থানীয় লোকজনের হাতে আটকের পর নিজের নাম সাইফুল ইসলাম সুজন বলে পরিচয় দেন তিনি। পরে পাঁচ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে তাঁর প্রকৃত পরিচয় জানতে পারে পুলিশ। তাঁর ভাড়া বাসার উঠানের মাটির নিচে গর্ত থেকে উদ্ধার করা হয়েছে ১১টি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)। পাঁচ দিনের রিমান্ড শেষে গতকাল শনিবার তাঁকে আদালতে হাজির করা হয়। তবে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি তিনি। পুলিশ জানায়, ৩ নভেম্বর রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন মামুন। স্থানীয় লোকজন তাঁকে ধাওয়া করলে পালানোর চেষ্টায় একটি ককটেল বিস্ফোরণ ঘটান বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।.পুলিশের ভাষ্য, আটকের পর ওই ব্যক্তি নিজের নাম সাইফুল ইসলাম সুজন এবং বাড়ি ভোলা সদর বলে জানান। পরে তাঁকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এরপর ১৭ নভেম্বর তাঁর রিমান্ড মঞ্জুর হয়। রায়পুর থানায় জিজ্ঞাসাবাদ ও পাঁচ দিনের রিমান্ডে তাঁর প্রকৃত পরিচয় বেরিয়ে আসে। তিনি নব্য জেএমবির সদস্য নাজমুল হাসান মামুন, যিনি বোমারু মামুন নামে পরিচিত।রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, মামুনের ভাড়া বাসার উঠানের মাটির নিচে গর্ত থেকে ১১টি আইইডি উদ্ধার করা হয়েছে। পরে ১২ নভেম্বর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দল বোমাগুলো নিষ্ক্রিয় করে। মামুনকে বিস্ফোরক আইনে করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁর বিরুদ্ধে অন্য মামলাও রয়েছে। এ কারণে তাঁকে পুলিশের স্পেশাল রেসপন্স টেররিজম ইউনিটের (এসআরইউ) কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি মামলার তথ্য পাওয়া গেছে।.পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের প্রায় দুই মাস আগে পরিচয় গোপন করে ওই বাড়ি ভাড়া নেন মামুন। সেখানে এক নারী ও এক পুরুষের সঙ্গে বসবাস করতেন তিনি। বাড়ির মালিককে তাঁরা জানিয়েছিলেন, চর এলাকায় পোলট্রি খামার করবেন।জঙ্গি তৎপরতায় জড়িত থাকার অভিযোগে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে ছিলেন মামুন। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর ঢাকার উত্তরা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তখন তাঁর বয়স ছিল ২১ বছর। ঢাকার একটি হোটেলে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।.তখন পুলিশ জানিয়েছিল, মামুন নব্য জেএমবির শুরা কাউন্সিলের সদস্য ছিলেন। পরে জুলাই গণ-অভ্যুত্থানের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পান তিনি।পুলিশ কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বর থেকে দেশের বিভিন্ন স্থানে বোমা তৈরি ও বিস্ফোরণের ঘটনায় মামুন ও তাঁর সহযোগী মোহাম্মদ আরিফ ওরফে ইমরানের সংশ্লিষ্টতার তথ্য পেয়েছেন তদন্তকারীরা।তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এসব ঘটনার মধ্যে রয়েছে গত বছরের ২৬ ডিসেম্বর কেরানীগঞ্জের একটি মাদ্রাসায় বোমা তৈরির সময় বিস্ফোরণ। এ ছাড়া চলতি বছরের ফেব্রুয়ারিতে যাত্রাবাড়ীতে তল্লাশির সময় এক পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যান এক ব্যক্তি। ঘটনাস্থলে ফেলে যাওয়া একটি ব্যাগ থেকে বোমা উদ্ধার করা হয়।