সংগৃহীত
প্রথমবারের মতো বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। মঙ্গলবার (২৮ জুলাই) তিনি জাতীয় সংসদের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট রেজিমেন্টের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব খান মো. নূরুল আমিন, প্রেস সচিব মোহাম্মদ সরওয়ার আলম এবং সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম তাকে ফুলেল শুভেচ্ছা জানান। আনুষ্ঠানিকতা শেষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তার কার্যালয়ে প্রবেশ করে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সামরিক সচিব ও জনবিভাগের সচিব বঙ্গভবনের প্রশাসনিক ও দাপ্তরিক বিভিন্ন বিষয় সম্পর্কে তাকে অবহিত করেন। পরবর্তীতে তিনি রাষ্ট্রপতির কার্যালয়ের বিভিন্ন বিভাগ ও স্থাপনা পরিদর্শন করেন, দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন এবং বঙ্গভবনের তোষাখানাও পরিদর্শন করেন। উল্লেখ্য, গুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। দায়িত্ব গ্রহণের পর তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং পরে রাজধানীতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানান। শু/আজা