প্রকাশ :: ... | ... | ...

প্রশ্নফাঁসের অভিযোগে স্থগিত যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা ১৬ অক্টোবর


সংযুক্ত ছবি

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে স্থগিত হওয়া যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। শনিবার (১০ অক্টোবর) দুপুরে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে নতুন পরীক্ষার তারিখ জানানো হয়। এদিকে, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। শনিবার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ উল্লাহ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত কমিটির প্রধান করা হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিবকে। কমিটির অন্য সদস্যরা হলেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (ফিন্যান্স অ্যান্ড পারফরম্যান্স ম্যানেজমেন্ট), জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি এবং যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (সিড ফাইন্যান্সিং)। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন অধিশাখা) কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে শনিবার সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন চাকরিপ্রার্থীরা। এ পরিস্থিতিতে নিয়োগ পরীক্ষা স্থগিত করে যুব উন্নয়ন অধিদপ্তর। অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন-৫) মো. মাজহারুল হক জানিয়েছিলেন, দুই থেকে তিন দিনের মধ্যে পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে। পরে ১৬ অক্টোবর নতুন তারিখ নির্ধারণ করা হয়। ১১তম গ্রেডের এ পদে নিয়োগ পরীক্ষা শনিবার বেলা ১১টায় রাজধানীর প্রায় ১০০টি কেন্দ্রে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের সত্যতা ও এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে আসবে বলে আশা করা হচ্ছে। **ট্যাগ:** যুব উন্নয়ন অধিদপ্তর, নিয়োগ পরীক্ষা, প্রশ্নপত্র ফাঁস, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, চাকরির পরীক্ষা