প্রকাশ :: ... | ... | ...

বন্যা পরিস্থিতিতে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত


সংযুক্ত ছবি

অন্যান্য শিক্ষা বোর্ডে নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা চলবে; পরে জানানো হবে নতুন সময়সূচি বন্যা-পরবর্তী পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত সড়ক যোগাযোগ এবং পরীক্ষার্থীদের মানসিক অবস্থার কথা বিবেচনা করে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের সব পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। পরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক অবস্থা, পরীক্ষার্থীদের মানসিক ও শারীরিক অবস্থা, অভিভাবক ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামত এবং বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটের কারণে পরীক্ষার্থীদের কেন্দ্রে যাতায়াতের সমস্যার বিষয়টি বিবেচনায় নিয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব এইচএসসি পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলার মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষা এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি), এইচএসসি ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্সের অবশিষ্ট পরীক্ষাগুলোও স্থগিত করা হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, স্থগিত হওয়া পরীক্ষার সংশোধিত সময়সূচি পরে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে। তবে চট্টগ্রাম বিভাগের বাইরে দেশের অন্যান্য শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। এর আগে বৈরী আবহাওয়া, টানা ভারি বৃষ্টি ও বন্যার কারণে গত ৮ জুলাই থেকে বৃহস্পতিবার পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সব এইচএসসি পরীক্ষা স্থগিত ছিল। সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করে আবারও অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হলো। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, শনিবার থেকে পরীক্ষা পুনরায় শুরুর পরিকল্পনা ছিল। তবে বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ করে দেখা গেছে, বন্যাকবলিত এলাকার অধিকাংশ শিক্ষার্থী এখনো চরম দুর্ভোগ ও মানসিক ট্রমার মধ্যে রয়েছে। তাই পরীক্ষার্থীদের স্বার্থেই বাকি পরীক্ষাগুলো আপাতত স্থগিত রাখা হয়েছে। তিনি বলেন, অনেক এলাকার সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় পরীক্ষাকেন্দ্রে নিরাপদে পৌঁছানো এখনো সম্ভব হচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন সময়সূচি ঘোষণা করা হবে। আগামী শনিবার চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসির ভূগোল দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই দিনে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আল-ফিকহ প্রথম পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি বিএমটির মার্কেটিং নীতি ও প্রয়োগ (প্রথম ও দ্বিতীয়), এইচএসসি ভোকেশনালের ট্রেড-১ ও ট্রেড-২ এবং ডিপ্লোমা ইন কমার্সের শর্টহ্যান্ড-১ ও শর্টহ্যান্ড-২ বিষয়ের পরীক্ষাও যথারীতি অনুষ্ঠিত হবে। চলতি বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হচ্ছে। সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো জরুরি পরিস্থিতির কথা মাথায় রেখে প্রতিটি বিষয়ের জন্য তিন সেট করে প্রশ্নপত্র প্রস্তুত রাখা হয়েছে বলে শিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে। এদিকে বন্যা, জলাবদ্ধতা ও ভারি বৃষ্টির কারণে শুধু চট্টগ্রাম নয়, দেশের অন্যান্য অঞ্চলের পরীক্ষাও পেছানোর দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে আসছিল একদল পরীক্ষার্থী। মঙ্গলবার ঢাকাসহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করেন। সংসদ ভবন এলাকায় প্রবেশের চেষ্টা করলে পুলিশের বাধার মুখেও পড়তে হয় আন্দোলনকারীদের। ওই দিন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও জানানো হয়। পরদিন সচিবালয় অভিমুখে 'লং মার্চ' কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। শিক্ষাভবনের সামনে পুলিশ তাদের আটকে দিলে তারা শাহবাগ মোড়ে প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ শেষে কর্মসূচি স্থগিত করেন। তবে সরকার তখনও জানিয়ে দেয়, চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের অন্য সব বোর্ডের পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে। উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়েছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবার প্রায় ১২ লাখ ৭০ হাজার নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। শিক্ষা বোর্ডগুলো জানিয়েছে, বন্যা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়ার পর চট্টগ্রাম বোর্ডের স্থগিত পরীক্ষার নতুন সূচি প্রকাশ করা হবে।