রাজশাহীর বাঘা উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝোলানোর ঘটনা ঘটেছে। খবর পেয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা গিয়ে তালা খোলার ব্যবস্থা করেন। তবে দুই ঘণ্টা ধরে প্রধান শিক্ষককে তাঁর কক্ষের বাইরে অপেক্ষা করতে হয়। উপজেলার বাউসা মাঝপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ বুধবার এ ঘটনা ঘটেছে।প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, বিদ্যালয়ের দেয়ালে তিনি শেখ মুজিবুর রহমানের ছবি এঁকেছেন। তবে প্রধান শিক্ষক আমিনা খাতুন বলছেন, মাঠের ভেতর দিয়ে পাশের হাটের রাস্তা নেওয়ার দাবিতে স্থানীয় কতিপয় লোক বেশ কিছুদিন ধরে তাঁকে চাপ দিয়ে আসছিলেন। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়। ওই ঘটনার জেরে তাঁর কক্ষে তালা ঝোলানো হয়েছে। তাঁকে হেনস্তা করার জন্য চুন দিয়ে ঢেকে দেওয়া আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) আমলে আঁকা শেখ মুজিবুর রহমানের ছবি তাঁরা পানি দিয়ে ধুয়ে দৃশ্যমান করেছেন।.স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও বাউসা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এনামুল হক। তিনি একই সঙ্গে পার্শ্ববর্তী বিষ্ট মন্ডলের হাট কমিটিরও সভাপতি। তিনি চাইছেন বিদ্যালয়ের পকেট গেট ভেঙে বড় করে মাঠের ভেতরে দিয়ে গাড়ি ঢোকানোর একটি রাস্তা করবেন। বিষয়টি নিষ্পত্তির জন্য বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসেছিলেন। ইউএনও দুই পক্ষের কথা শুনে প্রথমে বিদ্যালয়ের ভেতরে দিয়ে রাস্তা দেওয়ার ব্যাপারে সম্মতি দেননি। তারপরও স্থানীয় লোকজনের দাবির পরিপ্রেক্ষিতে তিনি বলে যান, জনস্বার্থে প্রয়োজন হলে হাট কমিটি ও বিদ্যালয় কমিটি একমত হয়ে রেজোল্যুশনের মাধ্যমে রাস্তার সিদ্ধান্ত নিতে পারে।বিষয়টি নিয়ে গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এনামুল হক বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষকের কাছে জানতে চান রাস্তার রেজোল্যুশন তৈরি করা হয়েছে কি না? প্রধান শিক্ষক আমিনা খাতুন তাঁর জবাবে বলেন, তাঁর রাস্তার প্রয়োজন নেই। তিনি প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে লিখিত কোনো অনুমতিও পাননি। হাট ও বিদ্যালয় কমিটির প্রয়োজন থাকলে তারা রেজোল্যুশন করবে। এ নিয়ে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে এনামুল তাঁকে (প্রধান শিক্ষক) বিদ্যালয় থেকে বদলি হয়ে অন্যত্র যেতে বলেন।.বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও বাউসা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এনামুল হক। তিনি একই সঙ্গে পার্শ্ববর্তী বিষ্ট মন্ডলের হাট কমিটিরও সভাপতি। তিনি চাইছেন বিদ্যালয়ের পকেট গেট ভেঙে বড় করে মাঠের ভেতরে দিয়ে গাড়ি ঢোকানোর একটি রাস্তা করবেন।.প্রধান শিক্ষক আমিনা খাতুন জানান, তিনি আজ সকাল ৯টার আগেই বিদ্যালয়ে উপস্থিত হন। এসে দেখেন, তাঁর কক্ষে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। আর আগে চুন দিয়ে মুছে দেওয়া শেখ মুজিবের ছবিটির রং মুছে পরিষ্কার করা হয়েছে। আগের দিন মঙ্গলবার বিদ্যালয় থেকে যাওয়ার সময়ও তিনি ছবিটি মোছা অবস্থাতেই দেখে গেছেন।বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী বকুল ইসলাম বলেন, সকালে বারান্দার তালা খুলে তিনি অন্য একটি ভবনে পরিষ্কারের কাজে যান। এ সময় কে বা কারা দেয়ালের ছবিটি পরিষ্কার করেছেন, তা তিনি দেখেননি। তবে আগের দিন ছবিটি চুন দিয়ে মোছা অবস্থায় ছিল বলে জানান।ঘটনার পর উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের সহকারী শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তাঁর মধ্যস্থতায় প্রায় দুই ঘণ্টা পর বিদ্যালয়ের অফিসকক্ষের তালা খুলে দেওয়া হয়।এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এনামুল হক বলেন, রাস্তার বিষয়টি ইউএনও যেভাবে বলে গেছেন, সেভাবেই হবে। ছবির বিষয়টি আলাদা। এটা নতুন ছবি। শিক্ষকের কক্ষে তালা দেওয়ার বিষয়ে এনামুল হক বলেন, ঘটনাটা আকস্মিক ঘটেছে। শেখ মুজিবের ছবি দেখার পর স্থানীয় লোকজনের কেউ এটা করেছে। রাস্তার সঙ্গে এই তালা দেওয়ার ঘটনার কোনো সম্পর্ক নেই। .ঘটনাটা আকস্মিক ঘটেছে। শেখ মুজিবের ছবি দেখার পর স্থানীয় লোকজনের কেউ এটা করেছে। রাস্তার সঙ্গে এই তালা দেওয়ার ঘটনার কোনো সম্পর্ক নেই।এনামুল হক, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি.সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানী জানান, ইউএনও ও সংসদ সদস্যের নির্দেশনা অনুযায়ী প্রধান শিক্ষিকাকে বদলির আবেদন করার পরামর্শ দিয়েছেন তিনি। পাশাপাশি বিদ্যালয়ের মাঠে পেঁয়াজের হাট বসানো এবং গেট বড় করার বিষয়ে ইউএনও যেভাবে নির্দেশনা দিয়েছেন, সেভাবেই কার্যক্রম পরিচালিত হবে।এ বিষয়ে জানতে চাইলে বাঘার ইউএনও তকী ফয়সাল তালুকদার প্রথম আলোকে বলেন, দুই ধরনের অভিযোগই তিনি পেয়েছেন। রাস্তার বিষয়ে সমাধান করার জন্য তিনি এর আগে ওই বিদ্যালয়ে গিয়েছিলেন। তিনি বলে এসেছেন, একান্তই জনস্বার্থে প্রয়োজন পড়লে বিদ্যালয় ও হাট কমিটি বসে সমঝোতার ভিত্তিতে রাস্তার সিদ্ধান্ত নিতে পারে। আর ছবির বিষয়টি খুব গুরুত্বসহকারে তদন্ত করে জানানোর জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছেন।