জুলাই অভ্যুত্থানের পর গড়ে ওঠা নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম এনপিএ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কী ভূমিকা নেবে—তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল তৈরি হয়েছে। তবে প্ল্যাটফর্মটির নেতারা বলছেন, এনপিএ দলগতভাবে নির্বাচনে অংশ নিচ্ছে না, যদিও ব্যক্তি পর্যায়ে কিছু প্রার্থীকে সমর্থন দেওয়ার সম্ভাবনা রয়েছে।
আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন। একই দিনে রাষ্ট্র সংস্কার প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এনপিএর কেন্দ্রীয় পরিষদের সদস্য রাফসান আর আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্ল্যাটফর্ম হিসেবে এনপিএ নির্বাচনের প্রক্রিয়ায় অংশ নিচ্ছে না। তবে রাজনৈতিক বিশ্বস্ততা, লড়াইয়ের ইতিহাস এবং জনসম্পৃক্ততার ভিত্তিতে কয়েকজন যোগ্য প্রার্থীকে আমরা ব্যক্তি হিসেবে সমর্থন দিতে পারি।”
তিনি বলেন, এনপিএর লক্ষ্য এমন একটি রাজনৈতিক শক্তি গড়ে তোলা, যা দেশের গণতান্ত্রিক রূপান্তরের প্রক্রিয়াকে এগিয়ে নেবে এবং সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।
শুক্রবার ঢাকার শহীদ মিনারে সমাবেশের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে এনপিএ। গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার এবং প্রাণ-প্রকৃতি ও পরিবেশ সুরক্ষাকে পাঁচটি মূলনীতি হিসেবে সামনে রেখে যাত্রা শুরু করে প্ল্যাটফর্মটি।
নতুন এই উদ্যোগে বামপন্থি রাজনৈতিক সংগঠন, ছাত্র আন্দোলন ও নাগরিক আন্দোলনের সঙ্গে যুক্ত নেতাকর্মীদের অংশগ্রহণ রয়েছে। একইসঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছেড়ে আসা কয়েকজন নেতাও এনপিএতে যুক্ত হয়েছেন। সব মিলিয়ে ১০১ সদস্যের একটি কেন্দ্রীয় পরিষদ গঠন করেছে প্ল্যাটফর্মটি।
এনসিপির উত্তরাঞ্চলের সাবেক যুগ্ম মূখ্য সংগঠক অলিক মৃ এনপিএতে যুক্ত হয়েছেন। তিনি বলেন, “এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা দেশের সব প্রান্তের মানুষের কাছে পৌঁছাতে চাই। জনগণের মতামত নিয়ে দ্রুত একটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করার লক্ষ্য রয়েছে।”
অলিক মৃ জানান, খাগড়াছড়িতে স্কুলশিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ঘিরে সহিংসতা এবং দলটির নীরব ভূমিকার কারণে তিনি এনসিপি থেকে পদত্যাগ করেন।
এনপিএর সংগঠকদের মধ্যে আরও রয়েছেন এনসিপি থেকে পদত্যাগ করা অনিক রায় ও তুহিন খান, ছাত্র ইউনিয়নের সাবেক ও বর্তমান নেতারা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নাজিফা জান্নাত, অধিকারকর্মী ও লেখক ফেরদৌস আরা রুমি এবং তাসলিমা মিজি।
এনপিএর মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন ফেরদৌস আরা রুমি, তুহিন খান ও নাজিফা জান্নাত।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এনপিএর সঙ্গে এনসিপির সম্পর্ক নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। এসব প্রশ্নের জবাবে এনপিএর কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য পারভেজ আলম ফেইসবুকে দেওয়া এক পোস্টে জানান, এনপিএ নামটি এনসিপি গঠনের আগেই ব্যবহার করা হয়েছিল এবং এর সঙ্গে এনসিপির সাংগঠনিক কোনো সম্পর্ক নেই।
নির্বাচনে কোনো প্রার্থীকে সমর্থন দেওয়া হবে কি না—এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন এনপিএ নেতারা। তবে নির্বাচন ও গণভোট নিয়ে তাদের নিজস্ব অবস্থান ও বক্তব্য থাকবে বলে জানান তারা।