প্রকাশ :: ... | ... | ...

মক্কায় ড্রোন পাঠানোর অভিযোগ ‘মিথ্যা’, সৌদির তেল স্থাপনায় হামলার দাবি হুতিদের


সংযুক্ত ছবি

সৌদি আরবের মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তবে দেশটির ইয়ানবুতে একটি তেল পাম্পিং স্টেশন এবং রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠীটি।হুতিদের এক মুখপাত্র মক্কায় ড্রোন পাঠানোর সৌদি অভিযোগকে ‘মিথ্যা’ বলে অভিহিত করেন। তিনি বলেন, ইয়ানবুর একটি পাম্পিং স্টেশনে ড্রোন হামলা চালানো হয়েছে। পাশাপাশি রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী জানায়, রিয়াদের দিকে ছোড়া তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। একই সঙ্গে মক্কা ও সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে পাঠানো কয়েকটি ড্রোনও ভূপাতিত করা হয়েছে বলে দাবি করে তারা।এদিকে সৌদি আরবের তিনটি গভর্নরেট তাইফ, ইয়ানবু ও খামিস মুশাইতে জারি করা জরুরি সতর্কতা প্রত্যাহার করেছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। জাতীয় আগাম সতর্কতা প্ল্যাটফর্ম থেকে সতর্কতা জারির কয়েক মিনিটের মধ্যেই তা প্রত্যাহার করা হয়। এসব এলাকায় তাৎক্ষণিক বিপদের আশঙ্কা কেটে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।অন্যদিকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত বাহিনী জানিয়েছে, মারিব ও দক্ষিণ আল-জাওফে হুতিদের সঙ্গে তাদের সংঘর্ষ অব্যাহত রয়েছে। সরকারি বাহিনীর দাবি, উত্তর মারিব এবং দক্ষিণ আল-জাওফের কয়েকটি এলাকায় হুতিদের অগ্রযাত্রা আটকে দেওয়া হয়েছে। এ ছাড়া পূর্ব আল-জাওফে হুতিদের অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ নিক্ষেপ করা হয়েছে।এদিকে ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে ঘটনাস্থলে থাকা সংবাদকর্মীরা জানিয়েছেন। তবে বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানা যায়নি।