তিনজন মন্ত্রী অনুপস্থিতি থাকার কারণে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্ব মাঝপথে স্থগিত করে দেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। মন্ত্রীরা উপস্থিত না থাকায় প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপনের ঘোষণা দেন স্পিকার। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে আছরের বিরতির পরে অধিবেশনের শুরুতে এ কার্যক্রম স্থগিত করেন তিনি। দিনের কার্যসূচি অনুযায়ী প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরের পর মন্ত্রীদের নির্ধারিত প্রশ্নোত্তর শুরু হয়। যেখানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ও শিল্প মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীরে প্রশ্নোত্তর ছিল। যদিও আছরের বিরতির আগে এই তিন মন্ত্রী সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছিলেন। আছরের বিরতির পরে ৫টা ২৬ মিনিটের দিকে ডেপুটি স্পিকারের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। ডেপুটি স্পিকার সভাপতির আসনে বসে দুইমিনিট নিরব ছিলেন। এ সময় তিনি মন্ত্রীদের আসনে তাকিয়ে থাকেন। ৫টা ২৮ মিনিটে ডেপুটি স্পিকার বলেন, এখন যেহেতু মাননীয় মন্ত্রীদের কাছে প্রশ্ন-জিজ্ঞাসা ও উত্তর। দুঃখজনকভাবে যেসব মন্ত্রী মহোদয়ের জন্য প্রশ্ন ছিল, তারা কেউ এ হাউজে উপস্থিত নেই। সে কারণে আমরা প্রশ্ন উত্তর পর্বটা এখানে সমাপ্ত ঘোষণা করছি। পরে ডেপুটি স্পিকার পয়েন্ট অব অর্ডারের ফ্লোর দেন জামায়াতের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে। তিনি অতিবৃষ্টিতে চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে কথা বলেন। এরপরে ডেপুটি স্পিকার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলুকে ফ্লোর দেন। পরে পয়েন্ট অব অর্ডারে কথা বলেন বিএনপির এমপি জয়নুল আবদিন ফারুক। এরপর ফ্লোর নেন মুক্তিযুদ্ধ মন্ত্রী আহমেদ আযম খান। তিনি বলেন, মাননীয় স্পিকার আপনি বলেছেন মন্ত্রীরা নেই বলে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত বলে গণ্য হল। আমি আছি, আমার প্রশ্নোত্তর পর্বও আছে। ডেপুটি স্পিকার বলেন, আপনার ক্ষেত্রে ৭১ বিধি। প্রশ্নোত্তরে নেই। এদিকে বুধবার দুপুর সাড়ে ৩টার দিকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়েছিল। সেখানে প্রথমে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরের জন্য ৩০ মিনিট বরাদ্দ করা হয়। প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর শেষে মন্ত্রীদের প্রশ্নোত্তর শুরু করেন স্পিকার। আছরের বিরতির আগে সর্বশেষ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন একাধিক সংসদ সদস্যের প্রশ্নের উত্তর দেন। এর আগে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ও শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীরও একাধিক সংসদ সদস্যের প্রশ্নের উত্তর দিয়েছিলেন। পরে আছরের বিরতি ঘোষণা করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, আসরের বিরতির পর আবার প্রশ্নকালের অবশিষ্ট অংশ চালু হবে।