প্রকাশ :: ... | ... | ...

মামলার জট কমাতে এডিআর জোরদারে সরকার-বেসরকারি অংশীদারত্ব


সংযুক্ত ছবি

মামলার জট নিরসনে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) ব্যবস্থাকে আরও কার্যকর করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, এ লক্ষ্যে সরকারি উদ্যোগের পাশাপাশি দীর্ঘদিন ধরে আইনি সহায়তা ও মধ্যস্থতা কার্যক্রম পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদারত্ব গড়ে তোলা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের সঙ্গে ব্লাস্ট এবং ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির পৃথক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, আদালতের বাইরে বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা শক্তিশালী হলে নতুন মামলা দায়েরের প্রবণতা কমবে এবং বিচারপ্রার্থীরা দ্রুত ও কার্যকর আইনি সেবা পাবেন। তিনি জানান, বাংলাদেশে আইনগত সহায়তা কার্যক্রম ১৯৯৪ সালে প্রশাসনিকভাবে শুরু হলেও ২০০০ সালে আইন প্রণয়নের মাধ্যমে এটি প্রাতিষ্ঠানিক রূপ পায়। পরবর্তীতে সময়ের চাহিদা অনুযায়ী আইনটি একাধিকবার সংশোধন করা হয়েছে এবং বর্তমান সরকার আইনগত সহায়তা ব্যবস্থাকে আরও আধুনিক ও জনমুখী করতে কাজ করছে। মন্ত্রী আরও বলেন, সরকারের একার পক্ষে মামলার জট কমানো সম্ভব নয়। তাই প্রান্তিক জনগোষ্ঠীর জন্য দীর্ঘদিন কাজ করা এবং মধ্যস্থতায় অভিজ্ঞ প্রতিষ্ঠানগুলোর দক্ষতা কাজে লাগাতে ব্লাস্ট ও ব্র্যাকের সঙ্গে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে।