প্রকাশ :: ... | ... | ...

মিয়ানমার ও আরাকান আর্মির ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে রাজনৈতিক ঐক্যের আহ্বান


সংযুক্ত ছবি

রোহিঙ্গা সংকট এখন বাংলাদেশের জন্য শুধু মানবিক সমস্যা নয়, ক্রমবর্ধমান নিরাপত্তা উদ্বেগেও পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সংকটের রাজনৈতিক সমাধান এবং রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। এ লক্ষ্যে দেশের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তাগিদ দিয়েছেন প্রতিমন্ত্রী। রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে নীতি গবেষণা কেন্দ্রের আয়োজনে জাতীয় নীতি সংলাপে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, প্রচলিত কূটনৈতিক তৎপরতার মাধ্যমে রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব হবে—এমন ধারণা বাস্তবসম্মত নয়। মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল। তাই দেশটির সরকার ও রাখাইনে প্রভাব বিস্তারকারী আরাকান আর্মিসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত চাপ প্রয়োজন। শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনা করছে, একই সঙ্গে আরাকান আর্মির সঙ্গেও যোগাযোগ স্থাপন করে কথা বলছে। সংকটের বাস্তবতা আন্তর্জাতিক সম্প্রদায়ও বুঝতে পারছে। এ পরিস্থিতিতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দাবি জানাতে হবে, যাতে মিয়ানমারের ভেতরে সংশ্লিষ্ট সব পক্ষের ওপর চাপ সৃষ্টি করে একটি সমঝোতার পরিবেশ তৈরি করা যায়। রোহিঙ্গা সংকট বাংলাদেশের কক্সবাজার, চট্টগ্রামসহ বিভিন্ন অঞ্চলের নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সীমান্তে মাদক ও মানবপাচার চলছে। দীর্ঘদিন ধরে শরণার্থীশিবিরগুলোতে বিভিন্ন গোষ্ঠী ও পক্ষের মধ্যে বিরোধ এবং সহিংসতা তৈরি হয়েছে। এসব সংঘাতে প্রাণহানির ঘটনাও ঘটছে। ফলে সংকটের প্রভাব শিবিরের ভেতরে সীমাবদ্ধ নেই; স্থানীয় জননিরাপত্তা ও আইনশৃঙ্খলার ওপরও চাপ তৈরি করছে। সংলাপে আলোচকেরা রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাতীয় ঐকমত্যের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্সের পরিচালক অধ্যাপক এস কে তৌফিক এম হক বলেন, মিয়ানমারের বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব থাকলেও রাখাইনকে রোহিঙ্গামুক্ত রাখার প্রশ্নে তাদের মধ্যে একধরনের ঐকমত্য রয়েছে। অথচ বাংলাদেশের মতো বড় সংকটে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রয়োজনীয় ঐকমত্যের ঘাটতি রয়েছে। রাজনৈতিক দলগুলো এক অবস্থানে আসতে পারলে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের দরকষাকষির শক্তি বাড়বে। এ বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে শামা ওবায়েদ বলেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাতীয় ঐকমত্য, প্রাতিষ্ঠানিক সমন্বয় এবং জনগণের সম্পৃক্ততা অত্যন্ত জরুরি। এটি একটি রাজনৈতিক সমস্যা; এর সমাধানও রাজনৈতিক উপায়েই করতে হবে। সে জন্য দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বিত অবস্থান তৈরি করা প্রয়োজন। প্রত্যাবাসনের কৌশল নির্ধারণে একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরির ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, রোহিঙ্গাদের পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া অত্যন্ত ধীরগতিতে এগোচ্ছে। এ প্রক্রিয়া দ্রুত করার কৌশল নির্ধারণের পাশাপাশি প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরির ন্যূনতম শর্তগুলোও স্পষ্ট করতে হবে। জাতিসংঘ, আন্তর্জাতিক ভূরাজনৈতিক শক্তি ও প্রভাবশালী অংশীদারদের যুক্ত করে কূটনৈতিক চাপ বাড়াতে হবে, যাতে রাখাইনে নিরাপত্তা ও আস্থার পরিবেশ তৈরিতে মিয়ানমার বাস্তব পদক্ষেপ নিতে বাধ্য হয়। শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর মানবিক সহায়তা নিশ্চিত করার পাশাপাশি মিয়ানমারকে জবাবদিহির আওতায় আনা এবং সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমনের উদ্যোগ নেওয়ার কথাও বলেন তিনি। তাঁর মতে, আন্তঃসীমান্ত অপরাধের বিস্তার ঠেকাতে জবাবদিহিমূলক আইন প্রয়োগের পাশাপাশি অপরাধ প্রতিরোধ, ভুক্তভোগীদের সুরক্ষা, সামাজিক সম্পৃক্ততা এবং তরুণদের জন্য কর্মসংস্থান ও অন্যান্য সুযোগ তৈরির কৌশল প্রয়োজন। প্রায় ১৩ লাখ রোহিঙ্গার উপস্থিতি, শিবিরে নতুন শিশুর জন্ম এবং পর্যাপ্ত অর্থায়নের অভাব সংকটকে আরও জটিল করে তুলছে বলে জানান প্রতিমন্ত্রী। তাঁর মতে, দীর্ঘদিন ধরে প্রত্যাবাসন আটকে থাকায় মানবিক সহায়তার পাশাপাশি নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। সংলাপে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন রাখাইনের রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নেওয়ার পরামর্শ দেন। তাঁর মতে, রাখাইনে আরাকান আর্মির বর্তমান অবস্থান আগের অবস্থায় ফিরে যাওয়ার সম্ভাবনা কম। অঞ্চলটি স্বাধীন না হলেও মিয়ানমারের কেন্দ্রীয় সরকারের সঙ্গে কনফেডারেশনধর্মী ব্যবস্থায় পরিচালিত হতে পারে। রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য রাখাইনে স্থিতিশীলতা জরুরি উল্লেখ করে তিনি চীন, মিয়ানমার ও বাংলাদেশকে যুক্ত করে ত্রিদেশীয় অর্থনৈতিক করিডোর গঠনের প্রস্তাবকে সম্ভাব্য উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। ভারতকে রোহিঙ্গা সংকট সমাধানের প্রক্রিয়ায় যুক্ত করার আলোচনা প্রসঙ্গে সাখাওয়াত হোসেন বলেন, রাখাইনের বর্তমান পরিস্থিতিতে দিল্লি নিজেদের স্বার্থ বিবেচনায় সরাসরি সম্পৃক্ত হতে আগ্রহী নাও হতে পারে। বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেন বলেন, রোহিঙ্গাদের পরিচয় নির্ধারণে সরকার তাঁদের ‘জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক’ (এফডিএমএন) হিসেবে বিবেচনা করছে, নাকি শরণার্থী হিসেবে—তা স্পষ্ট করা জরুরি। শরণার্থী হিসেবে স্বীকৃতি দিলে আইনগত অধিকার ও দায়িত্বের বিষয়ও সামনে আসবে। তবে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনই সংকটের একমাত্র সমাধান—এ বিষয়ে সরকারের অবস্থানের সঙ্গে বাংলাদেশ জাসদের দ্বিমত নেই। এ লক্ষ্য অর্জনে রাজনৈতিক দলগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য ক্রমবর্ধমান নিরাপত্তা উদ্বেগ তৈরি করছে। প্রত্যাবাসন দীর্ঘদিন আটকে থাকায় রোহিঙ্গাদের সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীর নানা ধরনের সম্পর্ক তৈরি হচ্ছে। অনিশ্চয়তা দীর্ঘায়িত হলে প্রত্যাবাসন আরও কঠিন হয়ে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। সংলাপে জানানো হয়, রোহিঙ্গা সংকট সমাধানের কৌশল নির্ধারণে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি কাজ করছে। নভেম্বরের মধ্যে কমিটির প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। এ বিষয়ে রাজনৈতিক দল, গবেষণা প্রতিষ্ঠান ও সুশীল সমাজের প্রতিনিধিদের সুপারিশ কমিটির কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান শামা ওবায়েদ। সংলাপের বিকালের অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নীতি গবেষণা কেন্দ্রের ট্রাস্টি সদস্য মাহবুবুল হক। আলোচনায় বিএনপির সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী, জাতীয় নাগরিক পার্টির নেতা ফরিদুল হক এবং আরাকান রোহিঙ্গা ন্যাশনাল অর্গানাইজেশনের চেয়ারম্যান নুরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।