পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মুক্তিযোদ্ধাদের সম্মান জানানোর প্রস্তাব রেখে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, ‘এই সংসদে আমরা যারা আছি তারা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি।’ বুধবার (২৯ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানোর প্রস্তাব রেখে জাতীয় সংসদকে এ কথা জানান তিনি। শামা ওবায়েদ বলেন, গতকাল মঙ্গলবার মুক্তিযুদ্ধ নিয়ে সংসদে কথা হয়েছে। এখানে বিরোধীদলের মধ্যেও মুক্তিযোদ্ধা আছেন। সংসদে আমরা যারা আছি, তারা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না ধারণ করি। এখানে যারা বীর মুক্তিযোদ্ধা আছেন তাদের নামের আগে যদি বীর মুক্তিযোদ্ধা বলা হয় এবং তারপরে নামটা বলা হয়, তাহলে মনে হয় নতুন প্রজন্মও জানতে পারে। মুক্তিযোদ্ধাদেরও একটা সম্মান দেয়া হয়। সংসদের ভেতরে যদি আমরা এটা চালু করি সংসদের বাইরেও এটা আমরা বলতে পারবো। এ সময় স্পিকার বলেন, ইতোমধ্যে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় কিছু পরিবর্তন এনেছে, সংসদও অনুমোদন দিয়েছে। মুক্তিযোদ্ধা তিনিই যিনি অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, বাকিরা সবাই মুক্তিযোদ্ধা সহায়ক এই সংজ্ঞা পরিবর্তিত হয়ে গেছে। এখানে ক’জন অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, আমার জানা নেই। তবে সাধারণত সংসদে আসনভিত্তিক পরিচয় দিয়েই আমরা আলাপ করে থাকি। মুক্তিযোদ্ধা পরিচয় এখানে উহ্য থাকে তবুও যদি শিউর হই, কারও সম্পর্কে যিনি অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, প্রকৃত মুক্তিযোদ্ধার সংজ্ঞার মধ্যে পড়েন তাহলে সেভাবে তাকে উল্লেখ করার চেষ্টা করা হবে।