প্রকাশ :: ... | ... | ...

মেলানিয়া ট্রাম্পের সম্মেলনের সমাপনীতে জুবাইদা


সংযুক্ত ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কোয়ালিশন সামিট’র সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান। বুধবার অনুষ্ঠিত এ আয়োজনে বিশ্বের ৪৫টির বেশি দেশের ফার্স্ট লেডি ও রাষ্ট্র নেতাদের সহধর্মিণীরা অংশগ্রহণ করেন। মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরে এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তার আমন্ত্রণেই জুবাইদা রহমান দুই দিনের সম্মেলনে অংশ নেন। তার সঙ্গে প্রতিনিধি দলে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোর্শেদ হাসান খান, ঢাকা মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জন শাহ মুহাম্মদ আমান উল্লাহ ও ব্যারিস্টার মেহনাজ মান্নান। বিএনপি মিডিয়া সেল জানায়, বুধবার সকালে হোয়াইট হাউসে জুবাইদা রহমানসহ সব অতিথিকে স্বাগত জানান মার্কিন ফার্স্ট লেডি ও সম্মেলনের আয়োজক মেলানিয়া ট্রাম্প। অনুষ্ঠানের ফাঁকে মেলানিয়া ট্রাম্পের সঙ্গে সৌজন‍্য সাক্ষাৎ করেন জুবাইদা রহমান। বিএনপি জানিয়েছে, সাক্ষৎকালে দুই নেত্রী শিশুদের কল‍্যাণে একযোগে কাজ করার বিষয়ে একমত হন। এ ধরনের গুরুত্বপূর্ণ সম্মেলন আয়োজনের জন্য মেলানিয়া ট্রাম্পকে ধন্যবাদ জানান জুবাইদা রহমান। সমাপনী অনুষ্ঠানের আগে বিভিন্ন দেশের ফার্স্ট লেডি ও রাষ্ট্রনেতাদের সহধর্মিণীদের সঙ্গে সৌজন‍্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন জুবাইদা রহমান। এ সম্মেলনে যোগ দিতে গত ২৩ মার্চ ঢাকা ছাড়েন জুবাইদা রহমান। লন্ডন যাত্রা বিরতি করে তিনি যুক্তরাষ্ট্র যান। মঙ্গলবার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে জুবাইদা শিশুদের জীবনমান উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের কথা তুলে ধরেন। বিএনপির মিডিয়া সেল জানায়, সম্মেলনে হোয়াইট হাউসের তরফে জুবাইদা রহমানের সাক্ষাৎকার নেওয়া হয়। তাতে তিনি বলেন, বাংলাদেশ বৈশ্বিক অভিজ্ঞতা থেকে জ্ঞানার্জন এবং বিশ্বের সব শিশুর উজ্জ্বল ভবিষ্যতের জন্য অন্যান্য ফার্স্ট লেডি ও স্পাউসদের সাথে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করতে অঙ্গীকারাবদ্ধ। সম্মেলনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ১১টি প্রযুক্তি প্রতিষ্ঠানের অংশগ্রহণে একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যেখানে শিশুদের শিক্ষার উন্নয়নে বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি ও প্রয়োগ উপস্থাপন করা হয়। জুবাইদা রহমান এ প্রদর্শনী পরিদর্শন করেন। সূত্র : বিডিনিউজ