প্রকাশ :: ... | ... | ...

মোবাইল জার্নালিজমের নামে অনৈতিক কার্যক্রম সমর্থন করে না সরকার: তথ্যমন্ত্রী


সংযুক্ত ছবি

জাতীয় সংসদে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: সংগৃহীত

গণমাধ্যমের স্বাধীনতা, পেশাদারত্ব, জবাবদিহি ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ‘মোবাইল জার্নালিজমের নামে অনুমোদনহীন, অপেশাদার বা অনৈতিক কার্যক্রম সরকার সমর্থন করে না।’ বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী জানান, ১৯৭৪ সালের প্রেস কাউন্সিল আইনকে যুগোপযোগী করতে সংশোধনের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত সংশোধনীতে সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধন ব্যবস্থা চালু, মিথ্যা ও নীতিনৈতিকতাবিরোধী সংবাদ প্রকাশের ক্ষেত্রে আর্থিক জরিমানার বিধান এবং গুজব, ভুয়া খবর, ঘৃণামূলক বক্তব্য বা জাতীয় স্বার্থবিরোধী সংবাদ প্রকাশের ঘটনায় প্রেস কাউন্সিলকে স্বতঃপ্রণোদিত তদন্ত ও ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেওয়ার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিজিটাল সম্প্রচার ব্যবস্থা, অনলাইন ও ওটিটি প্ল্যাটফর্মের বিস্তারের কারণে ইলেকট্রনিক মিডিয়ায় বিজ্ঞাপন প্রচারসংক্রান্ত নীতিমালা পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনের বিষয়টি সরকার বিবেচনা করছে। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরিফা সুলতানার প্রশ্নের জবাবে জহির উদ্দিন স্বপন বলেন, পডকাস্ট, ব্লগিং ও ইনফ্লুয়েন্সারভিত্তিক ডিজিটাল কনটেন্টের ক্ষেত্রে প্রচলিত আইন ও নীতিমালার আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে মতপ্রকাশের স্বাধীনতা ও জনস্বার্থের মধ্যে ভারসাম্য রেখে একটি যুগোপযোগী নীতিগত কাঠামো প্রণয়নের বিষয়টি পর্যালোচনায় রয়েছে। যশোর-৬ আসনের সংসদ সদস্য মো. মোক্তার আলীর প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, দেশে বর্তমানে মোট ৩ হাজার ৩৩৮টি নিবন্ধিত পত্রিকা রয়েছে। এর মধ্যে ১ হাজার ৪৩৬টি দৈনিক, ১ হাজার ২৩১টি সাপ্তাহিক, ৪৫২টি মাসিক, ২১৫টি পাক্ষিক এবং অন্যান্য পর্যায়ের ৫৪টি পত্রিকা রয়েছে। এদিকে একই অধিবেশনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরীর প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির জানান, দেশে ৮৪টি শিল্পনগরী বাস্তবায়ন করা হয়েছে। এসব শিল্পনগরীতে ১৩ হাজার ৩৬৪টি শিল্পপ্লটের মধ্যে ১১ হাজার ৬৮৭টি প্লটে ৬ হাজার ৩৫৮টি শিল্পপ্রতিষ্ঠান স্থাপিত হয়েছে, যেখানে প্রায় ৮ লাখ ৪০ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। শু/আজা