প্রকাশ :: ... | ... | ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল


সংযুক্ত ছবি

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বঙ্গভবনের দরবার হলে তাঁকে শপথবাক্য পাঠ করান ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জোবায়দা রহমান, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। শপথ নেওয়ার মধ্য দিয়ে আগামী পাঁচ বছরের জন্য রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্ব নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে তিনি ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ পান ৮৮ ভোট। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর থেকেই বিভিন্ন দেশ থেকে মির্জা ফখরুলকে অভিনন্দন জানানো হচ্ছে। শপথ গ্রহণের দিনও প্রতিবেশী ভারত, পাকিস্তান ও নেপালের রাষ্ট্রপ্রধান তাঁর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তাঁর সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। শুক্রবার বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ গ্রহণের পর ভারতের রাষ্ট্রপতির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ অভিনন্দন জানানো হয়। ঢাকায় ভারতীয় হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে বিবৃতিটি প্রকাশ করা হয়েছে। এদিকে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা জানিয়ে তিনি মির্জা ফখরুলকে পাকিস্তান সফরের আমন্ত্রণও জানিয়েছেন। নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেলও মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন। শুক্রবার দেওয়া এক অভিনন্দনবার্তায় তিনি নতুন দায়িত্বে বাংলাদেশের রাষ্ট্রপতির সাফল্য কামনা করেন। রামচন্দ্র পৌডেল বাংলাদেশ ও নেপালের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান গভীর সম্পর্ক ও পারস্পরিক যোগাযোগ আরও শক্তিশালী করার ওপরও গুরুত্ব দেন তিনি। নেপালের রাষ্ট্রপতি বলেন, ঐতিহাসিক ও জনগণের সঙ্গে জনগণের সম্পর্কের বন্ধনে আবদ্ধ নেপাল ও বাংলাদেশ ভবিষ্যতেও ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখবে। বঙ্গভবনে শপথ গ্রহণের মধ্য দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ রাজনৈতিক জীবনে নতুন অধ্যায়ের সূচনা হলো। তৃণমূলের রাজনীতি থেকে উঠে এসে তিনি পৌরসভার চেয়ারম্যান, সংসদ সদস্য, মন্ত্রী, বিএনপির মহাসচিব এবং শেষ পর্যন্ত দেশের রাষ্ট্রপতির দায়িত্বে এলেন।