প্রকাশ :: ... | ... | ...

লন্ডনে বাংলাদেশিদের সংঘর্ষ, বিতাড়নের দাবি ব্রিটিশ এমপির


সংযুক্ত ছবি

এনসিপির নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ-সংশ্লিষ্টদের হামলার ভিডিও ছড়িয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন যুক্তরাজ্যের ডানপন্থি রাজনীতিবিদেরা যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির কয়েকজন রাজনীতিবিদ। ডানপন্থি ও অভিবাসনবিরোধী রাজনীতিবিদদের কেউ কেউ এ ঘটনায় জড়িত বাংলাদেশিদের যুক্তরাজ্য থেকে বহিষ্কারের দাবিও তুলেছেন। তাঁদের মধ্যে রয়েছেন রিস্টোর ব্রিটেনের নেতা ও সংসদ সদস্য রুপার্ট লো এবং রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজ। স্থানীয় সময় গত সোমবার রাতে পূর্ব লন্ডনের চ্যাডওয়েল হিথ এলাকায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নাগরিক সংবর্ধনা শেষে এ হামলার ঘটনা ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরদিন মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সংঘর্ষের বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়ে। এসব ভিডিওতে রাতের আঁধারে আবাসিক এলাকার সড়কে দুই পক্ষের মধ্যে উত্তেজনা, হামলা ও মারামারির দৃশ্য দেখা যায়। হামলার একটি ভিডিও ফেসবুকে শেয়ার করেন রুপার্ট লো। তিনি লেখেন, ‘রমফোর্ডের রাস্তায় বাংলাদেশিরা অন্য বাংলাদেশিদের সঙ্গে মারামারিতে জড়িয়েছেন। রিস্টোর ব্রিটেন সরকার গঠন করলে এদের সবাইকে বিতাড়ন করবে।’ আরেক পোস্টে তিনি লেখেন, ‘রমফোর্ডের রাস্তায় এনসিপি ও তাদের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মধ্যে কোনো এক অর্থহীন রাজনৈতিক বিরোধ নিয়ে বাংলাদেশিরা মারামারি করছে। এসবের মানে আসলে কী, তা আমি বুঝি না, আর বুঝতেও চাই না।’ বাংলাদেশ ও বাংলাদেশিদের বিষয়ে আগ্রহ নেই বলেও মন্তব্য করেন রুপার্ট লো। পোস্টের শেষাংশে তিনি সংঘর্ষে জড়িত বাংলাদেশিদের নিজ দেশে ফেরত পাঠানোর দাবি জানান। আরেকটি পোস্টে তিনি বলেন, রিস্টোর ব্রিটেন সরকার গঠন করলে তাঁদের সবাইকে যুক্তরাজ্য থেকে বের করে দেওয়া হবে। এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজও। তিনি লেখেন, ‘গত রাতে রমফোর্ডের রাস্তায় বাংলাদেশিদের উচ্ছৃঙ্খল দলগুলো এমন এক রাজনৈতিক বিরোধ নিয়ে মারামারি করছিল, যার সঙ্গে আমাদের কোনো সম্পর্কই নেই।’ ফারাজ আরও লেখেন, ‘আমরা আমাদের সমাজে বিদেশি সংস্কৃতি আমদানি করেছি এবং এখন তাদের নিজেদের মধ্যকার সংঘাত আমাদের রাস্তায় ঘটতে দেখছি। ব্রিটেন ভেঙে পড়েছে। আমাদের রাস্তায় সহিংসতা ও বিশৃঙ্খলা নিয়ে আসে এমন যেকোনো বিদেশি নাগরিককে রিফর্ম বহিষ্কার করবে।’ তবে হামলার ঘটনায় স্থানীয় সংসদ সদস্যদের প্রতিক্রিয়ায় তদন্ত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বিষয়টি গুরুত্ব পেয়েছে। ঘটনাস্থল চ্যাডওয়েল হিথ ইলফোর্ড সাউথ সংসদীয় এলাকার অন্তর্ভুক্ত। ওই আসনের সংসদ সদস্য জাস আথওয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সংঘর্ষের ভিডিও শেয়ার করে ঘটনাটিকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছেন। তিনি জোরালো তদন্ত, পুলিশের টহল বৃদ্ধি এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। রমফোর্ডের সংসদ সদস্য অ্যান্ড্রু রোজিনডেলও এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম দ্য হ্যাভারিং ডেইলিকে তিনি স্পষ্ট করেছেন, ঘটনাটি তাঁর নির্বাচনী এলাকায় ঘটেনি। চ্যাডওয়েল হিথ ইলফোর্ড সাউথ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত। এ ছাড়া ব্রিটিশ সংসদ সদস্য কেটি ল্যামও এক্সে সংঘর্ষের একটি ভিডিও শেয়ার করে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লেখেন, ‘গত রাতে পূর্ব লন্ডনের রাস্তায় বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক গোষ্ঠীগুলো সংঘর্ষে জড়িয়েছে। এভাবে চলতে পারে না।’