শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলসংলগ্ন পকেট গেটের তালা খুলে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার রাত ১০টা ২০ মিনিটে গেটটি খুলে দেওয়া হয়।এর আগে রাত ৯টা ৫০ মিনিটের দিকে গেটটি খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু করেন বিভিন্ন হলের শিক্ষার্থীরা। তাঁরা প্রথমে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সামনে জড়ো হন। পরে সেখান থেকে মিছিল নিয়ে মুজিব হলের পকেট গেটের সামনে গিয়ে অবস্থান নেন।.বিক্ষোভে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, বিজয় একাত্তর হল, কবি জসীমউদ্দীন হল, সূর্য সেন হলসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মীর মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আলী ও অধ্যাপক এনামুল হক সজীব। তাঁদের সামনে শিক্ষার্থীদের ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতে দেখা যায়। বিক্ষোভ শুরুর প্রায় আধা ঘণ্টার মধ্যে প্রশাসন গেটটির তালা খুলে দেয়।.এর আগে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের এক সমন্বয় সভায় নিরাপত্তার স্বার্থে শেখ মুজিবুর রহমান হলসংলগ্ন পকেট গেটটি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন।গেটটি বন্ধ থাকায় যাতায়াতে ভোগান্তি হচ্ছে অভিযোগ করে এটি খুলে দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা।