প্রকাশ :: ... | ... | ...

শিক্ষার্থীদের ভালো মানুষ হওয়ার আহ্বান আইজিপির


সংযুক্ত ছবি

সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে ২০২৪ ও ২০২৫ সালে এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া পুলিশ সদস্যদের সন্তানদের মধ্যে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের অর্থায়নে শিক্ষার্থীদের মেধাবৃত্তি দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন। বক্তব্য দেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ ও এআইজি মো. ইসমাইল হোসেন। আইজিপি বলেন, শিক্ষার্থীদের দেওয়া এ সম্মাননা শুধু পুরস্কার নয়, বরং তাদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি এবং ভবিষ্যতের প্রতি আস্থার প্রতীক। মেধা মানুষকে এগিয়ে নিলেও সততা, মানবিকতা ও নৈতিক মূল্যবোধই মানুষকে সত্যিকারের মহান করে তোলে। তিনি শিক্ষার্থীদের ভালো শিক্ষার্থীর পাশাপাশি ভালো মানুষ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, জ্ঞান অর্জনের সঙ্গে বিনয়, সহমর্মিতা, দায়িত্ববোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমে উজ্জীবিত হতে হবে। তাদের আজকের সাফল্য যেন আগামী দিনের সুন্দর, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি হয়। মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, সাময়িক কৌতূহল বা প্ররোচনায় মাদকের ভয়াল থাবায় জড়ানো যাবে না। একই সঙ্গে মোবাইল ফোন, সামাজিক যোগাযোগমাধ্যম ও ইন্টারনেট গেমে অতিরিক্ত আসক্তি থেকেও সতর্ক থাকতে হবে। প্রযুক্তিকে ব্যবহার করতে হবে, তবে প্রযুক্তি যেন তাদের নিয়ন্ত্রণ করতে না পারে। ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে অব্যাহত সাফল্যের জন্য নিরলস পরিশ্রমের আহ্বান জানান। তিনি স্ক্রিন টাইম কমিয়ে পড়ালেখায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন। সভাপতির বক্তব্যে অতিরিক্ত আইজি এ কে এম আওলাদ হোসেন পড়াশোনার পাশাপাশি নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্ব দেন। উল্লেখ্য, ২০২৪ সালে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ৮০১ জন এবং এইচএসসিতে ২৭২ জন, আর ২০২৫ সালে এসএসসিতে ৮৪৫ জন ও এইচএসসিতে ১৯৫ জন শিক্ষার্থী মেধাবৃত্তি পেয়েছে। দুই বছরে মোট ২ হাজার ১১৩ জন শিক্ষার্থী এ বৃত্তির আওতায় এসেছে। এর মধ্যে ঢাকায় আনুষ্ঠানিকভাবে ৩৬০ জনকে বৃত্তি দেওয়া হয়েছে; অন্যদের সংশ্লিষ্ট জেলা পুলিশ সুপারের কার্যালয়ের মাধ্যমে বৃত্তি দেওয়া হবে। শু/আজা