প্রকাশ :: ... | ... | ...

শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসন থেকে নির্বাচন সরে দাঁড়ালেন মান্না


সংযুক্ত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র তিন দিন আগে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ঢাকা-১৮ আসন থেকে নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন। তবে তিনি বগুড়া-২ আসন থেকে নাগরিক ঐক্যের প্রার্থী হিসেবে নির্বাচনে থাকছেন। রোববার রাত পৌনে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণ হিসেবে তিনি বলেন, নির্বাচনী ব্যয় বহন করা তার পক্ষে সম্ভব নয়। ফেসবুক পোস্টে তিনি লেখেন, “নির্বাচন এতটাই ব্যয়বহুল যে তা নির্বাহ করা আমার পক্ষে সম্ভব নয়। এই প্রেক্ষিতে আমি ঢাকা-১৮ আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি।” এ বিষয়ে জানতে চাইলে বিবিসি বাংলাকে মান্না বলেন, গত এক সপ্তাহ ধরে তিনি আর্থিকভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। তিনি বলেন, “ঢাকা-১৮ খুবই ব্যয়বহুল একটি আসন। এখানে আড়াই শতাধিক ভোটকেন্দ্র রয়েছে। ভোটের দিন প্রতিটি কেন্দ্রের জন্য আলাদা খরচ হয়। পাশাপাশি প্রতিদিনের প্রচারণার খরচ, কর্মীদের খরচ—সব মিলিয়ে আমি শেষ পর্যন্ত কুলিয়ে উঠতে পারিনি।” ফেসবুক পোস্টে তিনি আরও জানান, বিশেষ একটি পরিস্থিতিতে তিনি ঢাকা-১৮ ও বগুড়া-২—এই দুই আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে ঢাকা-১৮ আসনটি বড় এলাকা হওয়ায় সেখানে নির্বাচন পরিচালনা করা অত্যন্ত ব্যয়বহুল হয়ে পড়ে। ঢাকা-১৮ আসনের আওতায় সাড়ে সাতটি থানা রয়েছে এবং এখানে প্রায় সাড়ে ছয় লাখ ভোটার রয়েছে বলে জানান তিনি। এই সিদ্ধান্তে কেউ কষ্ট পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করেন মাহমুদুর রহমান মান্না। বর্তমানে তিনি বগুড়ায় অবস্থান করছেন এবং বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের প্রার্থী হিসেবে তার নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন।