প্রকাশ :: ... | ... | ...

সার্ককে পুনরায় সক্রিয় করতে একমত বাংলাদেশ ও নেপাল


সংযুক্ত ছবি

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পুনরায় কার্যকর করে অঞ্চলের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে একমত হয়েছে বাংলাদেশ ও নেপাল। বুধবার (২৯ জুলাই) জাতীয় সংসদ ভবনে বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারির সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে আলোচনা হয়। ভারপ্রাপ্ত স্পিকার বলেন, পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সার্বিক উন্নয়নের লক্ষ্য নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সার্ক প্রতিষ্ঠা করেছিলেন। সংস্থাটিকে পুনরায় সক্রিয় করে সেই লক্ষ্য অর্জনের সুযোগ এখনও রয়েছে। তিনি সার্ককে গতিশীল করতে নেপালকে এগিয়ে আসার আহ্বান জানান। জবাবে নেপালের রাষ্ট্রদূত এ বিষয়ে পূর্ণ সমর্থন জানান। বৈঠকে বাংলাদেশ-নেপালের দ্বিপাক্ষিক সংসদীয় সম্পর্ক জোরদারের বিষয়েও আলোচনা হয়। নেপালের ফেডারেল পার্লামেন্টে বাংলাদেশ-নেপাল পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনের জন্য নেপালের স্পিকার দোল প্রসাদ আর্যালকে ধন্যবাদ জানান ভারপ্রাপ্ত স্পিকার। একই সঙ্গে বাংলাদেশ জাতীয় সংসদেও শিগগিরই বাংলাদেশ-নেপাল পার্লামেন্টারি মৈত্রী গ্রুপ গঠনের আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, সংসদীয় মৈত্রী গ্রুপ সক্রিয় হলে সংসদীয় কূটনীতি, দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক সফর, আইন প্রণয়ন ও সুশাসনের অভিজ্ঞতা বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়বে। নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আমদানির প্রসঙ্গ তুলে ধরে ভারপ্রাপ্ত স্পিকার শিক্ষা, সংস্কৃতি, যুব বিনিময়, পানি, জ্বালানি, আঞ্চলিক যোগাযোগ, বাণিজ্য ও জলবায়ু পরিবর্তনের মতো বিষয়ে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। সাক্ষাতে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি বাংলাদেশের নতুন রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রযাত্রার প্রশংসা করেন এবং দুই দেশের সহযোগিতা আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ের মধ্যেই বাংলাদেশ সফলভাবে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের লক্ষ্য অর্জন করবে। বৈঠকে নেপাল দূতাবাসের উপপ্রধান প্রতীক কার্কি এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়াও উপস্থিত ছিলেন। শু/আজা