ক্লাস নিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়েসুর রহমান
নোয়াখালীর বেগমগঞ্জে শিক্ষা কার্যক্রম জোরদার করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়েসুর রহমান। স্কুল পরিদর্শনে গিয়ে তিনি নিজেই বিভিন্ন শ্রেণিতে পাঠদান করে শিক্ষার্থীদের মাঝে অনুপ্রেরণা ছড়িয়ে দেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে তিনি উপজেলার সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয় এবং জয়নুল আবেদীন মেমোরিয়াল একাডেমি পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষার মান, উপস্থিতি এবং পাঠদান পদ্ধতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরিদর্শনের একপর্যায়ে ইউএনও কায়েসুর রহমান শ্রেণিকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের ইংরেজি, গণিত ও আইসিটি বিষয়ে পাঠদান করেন। তার সরাসরি অংশগ্রহণে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও আগ্রহ বাড়তে দেখা যায়। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, জীবনে সফলতা অর্জনের একমাত্র পথ হলো লেখাপড়া। তাই নিয়মিত অধ্যয়ন ও শৃঙ্খলার মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে। এ সময় তিনি অভিভাবকদের প্রতিও আহ্বান জানিয়ে বলেন, সন্তানদের শিক্ষার প্রতি আরও যত্নবান হতে হবে এবং তাদের নিয়মিত স্কুলমুখী করতে হবে। ইউএনও আরও বলেন, উপজেলা প্রশাসন বেগমগঞ্জের প্রত্যাশা উপজেলার সর্বত্র ছড়িয়ে পড়ুক মেধার চর্চা এবং গড়ে উঠুক একটি শিক্ষাবান্ধব সমাজ। স্থানীয়রা ইউএনও’র এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিদর্শনের সময় ইউএনও’র কাছ থেকে সরাসরি পাঠ নিয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেছে। দশম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া শিমু বলেন, স্যার আমাদের ক্লাস নিয়েছেন এটা আমাদের জন্য অনেক বড় প্রেরণা। তিনি খুব সহজভাবে ইংরেজি বিষয়টি বুঝিয়েছেন, তাই বিষয়টি আরও পরিষ্কার হয়েছে। আমরা স্যারকে নিয়মিত চাই। অন্যদিকে নবম শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, ইউএনও স্যার ক্লাস নেয়ায় আমরা খুব উৎসাহিত হয়েছি। গণিতের কিছু কঠিন বিষয় তিনি খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। এতে পড়ালেখার প্রতি আমাদের আগ্রহ আরও বেড়েছে।