সাভার প্রতিনিধি: স্বাস্থ্য খাতে সুশাসন নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেন, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার মান বাড়িয়ে সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। শনিবার (১৫ আগস্ট) দুপুরে সাভারে অবস্থিত হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ও ৫০ শয্যাবিশিষ্ট সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান বাড়াতে স্বাস্থ্য ব্যবস্থাপকদের বিশেষ প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে। পাশাপাশি সাভারের হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের নবনির্মিত ভবন চার বছর ধরে অব্যবহৃত পড়ে থাকায় তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত ইনস্টিটিউটটি চালুর উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, ‘২০২২ সালে জনগণের টাকায় দৃষ্টিনন্দন এই ভবনগুলো নির্মাণ করা হয়েছে। চার বছর পেরিয়ে গেলেও এগুলো কোনো কাজে লাগানো হচ্ছে না। এখানে দুর্নীতি, অব্যবস্থাপনা ও অবহেলার সুস্পষ্ট ছাপ দেখতে পেয়েছি। সরেজমিনে বিষয়টি দেখেছি। এ নিয়ে আমরা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’ তিনি বলেন, সাভারের হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট শুধু স্থানীয় পর্যায়ে নয়, সারাদেশের সরকারি স্বাস্থ্য ব্যবস্থার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের ৬৪ জেলার সিভিল সার্জন, বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে থাকা চিকিৎসকদের এখানে প্রশিক্ষণ দেওয়া হবে। উপজেলা পর্যায়ে স্বাস্থ্য খাতের উন্নয়ন প্রসঙ্গে ড. এম এ মুহিত বলেন, সরকার দেশের ৫০০টি উপজেলায় ১৫০ শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছে। তবে শুধু অবকাঠামো নির্মাণ করলেই হবে না; সঠিক ব্যবস্থাপনা ও সুশাসন নিশ্চিত করা না গেলে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা পাবে না। এ জন্য তৃণমূল থেকে জেলা পর্যায় পর্যন্ত স্বাস্থ্য প্রশাসনের সঙ্গে যুক্ত চিকিৎসকদের ধাপে ধাপে আধুনিক ‘হেলথ ম্যানেজমেন্ট’ প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানান তিনি। এ সময় ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. মোহাম্মদ সালাউদ্দিন বাবু, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফজলে রাব্বিসহ স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। শু/আজা