নির্বাচন পরবর্তী সহিংসতার মধ্যে নোয়াখালীর হাতিয়া উপজেলায় ধানের শীষের এক সমর্থকের মার্কেটে অগ্নিসংযোগ করার অভিযোগ পাওয়া গেছে। এতে সাতটি দোকান, একটি মাইক্রোবাস ও দুটি অটোরিকশা পুড়ে গেছে। রোববার ভোরে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের তালুকদার গ্রামের মুলা মার্কেটে অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে হাতিয়া থানার ওসি সাইফুল আলম জানান। মার্কেটের মালিক ওই গ্রামের বাসিন্দা কালাম সর্দার বলেন, “আমি এখানে ধানের শীষের নির্বাচন করেছি। কয়েকদিন ধরে প্রতিপক্ষের লোকজন দেখে নেবে বলে হুমকি দিয়ে আসছিল। “এর মধ্যে রাত ৩টার দিকে মোবাইলে লোকজন দোকানে অগ্নিসংযোগের খবর দেন। ছুটে এসে দেখি সব পুড়ে গেছে।” স্থানীয়রা বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। সাতটি দোকানের মালামাল পুড়ে গেছে। দোকানের পাশের গ্যারেজে থাকা গাড়িগুলোও পুড়েছে। এদিকে রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নোয়াখালী-৬ হাতিয়া আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। এ সময় তিনি সাংবাদিকদের কাছে ঘটনার জন্য এনসিপির নেতাকর্মীদের দায়ী করেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে এই আসন থেকে বিজয়ী হয়েছেন এনসিপির শাপলা কলি প্রতীকের প্রার্থী হান্নান মাসউদ। তবে ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছেন এনসিপি হাতিয়া উপজেলার আহ্বায়ক শামসুদ্দিন তিবরিজ। তিনি বলেন, “বিএনপি এটা নিজেরা করে আমাদের উপর দোষ চাপানোর চেষ্টা করছে। আমি ঘটনা শোনার পর স্থানীয় নেতাকর্মীদের কাছে খবর নিয়েছি। বিএনপির নেতাকর্মীরা নিজেরা গণ্ডগোল সৃষ্টি করে আমাদের উপর দোষ চাপিয়ে দিতে চাচ্ছেন।” এনসিপি নেতা বলেন, তিনি সোমবার ঘটনাস্থলে যাবেন। এবং সব জেনে পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরবেন। হাতিয়া থানার ওসি সাইফুল আলম বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”