রোহিঙ্গা শিবিরে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমানের ঘোষণা; নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও অপরাধীদের বিচারের চার দফা দাবি ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর যে হত্যাযজ্ঞ, ধর্ষণ, নির্যাতন ও বাস্তুচ্যুতির ঘটনা ঘটেছিল, তা গণহত্যা বলে ঘোষণা করেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। আদালতের এই রায় বাস্তবায়নে মিয়ানমার আইনগতভাবে বাধ্য। এখন অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করা, ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেওয়া এবং তাঁদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ব্যবস্থা করতে হবে। কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরে গিয়ে এসব কথা বলেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালত গাম্বিয়ার করা মামলায় মিয়ানমারের বিরুদ্ধে রায় ঘোষণার পরদিন শুক্রবার সকালে তিনি কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরে যান। সকাল সাড়ে ৮টার দিকে একটি খেলার মাঠে সমবেত রোহিঙ্গা শরণার্থী, বাংলাদেশ সরকার ও জাতিসংঘের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীদের সামনে বক্তব্য দেন তিনি। সেখানে তাঁর বক্তব্যে উঠে আসে দীর্ঘদিন ধরে বিচার ও নিজ দেশে ফেরার অপেক্ষায় থাকা রোহিঙ্গাদের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়বদ্ধতার বিষয়টি। আবেগঘন কণ্ঠে ড. খলিলুর রহমান বলেন, ‘গতকাল দ্য হেগে জাতিসংঘের সর্বোচ্চ আদালত কথা বলেছেন। আদালত তোমাদের নাম উচ্চারণ করেছেন—রোহিঙ্গা। আদালতের রায় স্পষ্ট: ২০১৭ সালে তোমাদের ওপর যা চালানো হয়েছিল, তা ছিল গণহত্যা।’ যাঁরা এই বিচার দেখে যেতে পারেননি, সেই নিহত রোহিঙ্গাদের স্মরণ করে তিনি বলেন, তাঁদের আত্মত্যাগ ও ভুক্তভোগীদের দীর্ঘ প্রতীক্ষার মধ্য দিয়েই এই বিচারিক স্বীকৃতি এসেছে। তাঁর বক্তব্যে ছিল বিচারপ্রাপ্তির আনন্দের পাশাপাশি হারানো স্বজন, ঘরবাড়ি ও জন্মভূমি থেকে বিচ্ছিন্ন মানুষের বেদনার কথাও। এর আগে বাংলাদেশের রোহিঙ্গাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালনের সময় আশ্রয়শিবিরগুলোতে কাজ করার অভিজ্ঞতার কথা স্মরণ করেন ড. খলিলুর রহমান। তিনি বলেন, ‘আমি নিউইয়র্ক থেকে তোমাদের নিয়ে কথা বলতে চাইনি। আমি তোমাদের পাশে এসে দাঁড়াতে চেয়েছি। বছরের পর বছর তোমরা বিশ্ববাসীকে তোমাদের কথা শোনার আহ্বান জানিয়েছ—আজ বিশ্ব তা শুনেছে।’ যে অপরাধের প্রমাণ পেয়েছেন আদালত গাম্বিয়ার করা মামলায় ২০২৬ সালের ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালত ৯-৬ সংখ্যাগরিষ্ঠতায় সিদ্ধান্ত দেন, ২০১৭ সালে মিয়ানমারের উত্তর রাখাইন রাজ্যে পরিচালিত সামরিক অভিযানের সময় দেশটির নিরাপত্তা বাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা করেছে। ১৯৪৮ সালের গণহত্যা সনদের অধীনে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে গণহত্যার দায় প্রতিষ্ঠায় আন্তর্জাতিক বিচার আদালতের এটিই প্রথম রায়। আদালত একই সঙ্গে গণহত্যা প্রতিরোধ ও শাস্তি দেওয়ার বাধ্যবাধকতা পালনে মিয়ানমারের ব্যর্থতার বিষয়টিও চিহ্নিত করেছেন। আদালতের রায়ে হত্যাকাণ্ডের পাশাপাশি ব্যাপক যৌন সহিংসতা, শিশুদের ওপর চরম নির্যাতন, পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের ওপর হামলা এবং গ্রাম ধ্বংসের প্রমাণ উঠে এসেছে। আদালতের পর্যবেক্ষণে অন্তত ১০ হাজার রোহিঙ্গাকে হত্যার হিসাব প্রমাণসমর্থিত বলে উল্লেখ করা হয়েছে। নারী ও শিশুদের ওপর সংঘটিত সহিংসতা এবং ধর্ষণকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে নয়, বরং বৃহত্তর নির্যাতন অভিযানের অংশ হিসেবে বিবেচনা করা হয়েছে। আদালত দেখেছেন, রোহিঙ্গাদের গ্রাম ও কৃষিজমি পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। অনেক এলাকায় সেসব স্থানের ওপর নিরাপত্তা বাহিনীর স্থাপনা নির্মাণ এবং অন্য জনগোষ্ঠীর বসতি গড়ে তোলার ঘটনাও ঘটেছে। রোহিঙ্গাদের নাগরিকত্ব সীমিত করা, চলাচলে বাধা, বিয়ে ও সন্তান জন্মদানের ওপর বিধিনিষেধ এবং তাঁদের বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রচারণার দীর্ঘ ইতিহাসও আদালতের মূল্যায়নে গুরুত্ব পেয়েছে। গণহত্যার অভিযোগ প্রমাণে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল অপরাধীদের উদ্দেশ্য। কোনো জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার অভিপ্রায় ছাড়া কোনো হত্যাকাণ্ড বা নির্যাতনকে আইনি অর্থে গণহত্যা বলা যায় না। আদালত প্রমাণের সামগ্রিক মূল্যায়নে সিদ্ধান্তে পৌঁছেছেন, মিয়ানমারের কর্মকাণ্ডের একমাত্র যুক্তিসংগত ব্যাখ্যা হলো উত্তর রাখাইনের রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার অভিপ্রায়। এ মামলায় গাম্বিয়া ২০১৯ সালের ১১ নভেম্বর গণহত্যা সনদের আওতায় মিয়ানমারের বিরুদ্ধে আবেদন করে। ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে শুরু হওয়া এই আইনি লড়াইয়ে পরবর্তী সময়ে ১১টি দেশ আদালতে হস্তক্ষেপ করে। দীর্ঘ শুনানি, সাক্ষ্য-প্রমাণ, জাতিসংঘের তদন্ত প্রতিবেদন, প্রত্যক্ষদর্শীদের বিবরণ এবং স্যাটেলাইট চিত্রসহ বিভিন্ন তথ্য-উপাত্ত পর্যালোচনা করে আদালত চূড়ান্ত সিদ্ধান্ত দেন। ড. খলিলুর রহমান এই বিচারিক অর্জনে গাম্বিয়া, ওআইসি, মামলায় হস্তক্ষেপকারী ১১টি দেশ, আন্তর্জাতিক বিচার আদালতের বিচারক, জাতিসংঘের তদন্তকারী দল এবং বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। বিশেষভাবে উখিয়া ও টেকনাফের স্থানীয় বাসিন্দাদের অবদান এবং সাহসের সঙ্গে সাক্ষ্য দেওয়া রোহিঙ্গা নারী ও নির্যাতিত ব্যক্তিদের ভূমিকার কথা তুলে ধরেন তিনি। রায় বাস্তবায়নে চার দফা দাবি আদালতের রায়কে বাস্তবে রূপ দেওয়া এবং রোহিঙ্গাদের জীবনে প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য চারটি বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ চেয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি। প্রথমত, গণহত্যায় জড়িত ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত করতে হবে। গণহত্যা সনদের অধীনে অপরাধে জড়িত সন্দেহভাজনদের তদন্ত, বিচার ও শাস্তির ব্যবস্থা করতে হবে। মিয়ানমারের অভ্যন্তরীণ আইনেও প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে, যাতে গণহত্যা ও সংশ্লিষ্ট অপরাধের বিচার করার কার্যকর আইনি কাঠামো তৈরি হয়। অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিরা যে পদমর্যাদারই হোন, তাঁদের বিচারের আওতায় আনার বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন তিনি। দ্বিতীয়ত, রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে। শুধু শরণার্থীদের সীমান্ত পার করে মিয়ানমারে পাঠানোই প্রত্যাবাসন নয়; তাঁদের নাগরিকত্ব, নিরাপত্তা, চলাচলের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। হারানো ঘরবাড়ি, জমি ও সম্পত্তি ফিরিয়ে দেওয়া অথবা উপযুক্ত ক্ষতিপূরণ, বিচ্ছিন্ন পরিবারগুলোর পুনর্মিলন এবং প্রত্যাবাসনের পর জাতিসংঘের কার্যকর উপস্থিতির ব্যবস্থাও প্রয়োজন। রোহিঙ্গাদের সম্মতি ও নিরাপত্তা নিশ্চিত না করে কোনো প্রত্যাবাসন টেকসই হবে না। তৃতীয়ত, ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও সম্প্রদায়ের জন্য বাস্তবসম্মত ক্ষতিপূরণ এবং মানবিক সহায়তা বাড়াতে হবে। গণহত্যা ও নির্যাতনের ফলে প্রাণহানি, শারীরিক ও মানসিক ক্ষতি, সম্পত্তি হারানো এবং বাস্তুচ্যুতির জন্য মিয়ানমারকে ক্ষতিপূরণ দিতে হবে। এ বিষয়ে আদালতের নির্দেশ অনুযায়ী রায় ঘোষণার দুই বছরের মধ্যে মিয়ানমারকে ক্ষতিপূরণ ও পুনর্বাসনসংক্রান্ত ব্যবস্থা সম্পর্কে প্রতিবেদন জমা দিতে হবে। একই সঙ্গে নিরাপদ প্রত্যাবাসন শুরু না হওয়া পর্যন্ত বাংলাদেশের আশ্রয়শিবিরগুলোতে খাদ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সুরক্ষার জন্য আন্তর্জাতিক অর্থায়ন বাড়ানোর আহ্বান জানান তিনি। তাঁর বক্তব্য, দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গার দায়িত্ব একা বাংলাদেশের পক্ষে বহন করা সম্ভব নয়। চতুর্থত, রায় বাস্তবায়ন এবং ভবিষ্যতে একই ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঠেকাতে মিয়ানমারে আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কার করতে হবে। নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণ, কার্যকর বেসামরিক নিয়ন্ত্রণ, বৈষম্যমূলক বিধিনিষেধের অবসান এবং রোহিঙ্গাদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার পরিবেশ তৈরি করতে হবে। শুধু অতীতের অপরাধের ক্ষতিপূরণ নয়, ভবিষ্যতে যেন কোনো জনগোষ্ঠী একই ধরনের নির্যাতনের শিকার না হয়, সে নিশ্চয়তাও প্রয়োজন। আইনগতভাবে বাধ্যতামূলক, বাস্তবায়নে চ্যালেঞ্জ ড. খলিলুর রহমান বলেন, জাতিসংঘ সনদের ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী আন্তর্জাতিক বিচার আদালতের রায় সংশ্লিষ্ট রাষ্ট্রের জন্য বাধ্যতামূলক। কোনো রাষ্ট্র রায় বাস্তবায়নে ব্যর্থ হলে অপর পক্ষ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দ্বারস্থ হতে পারে। সে ক্ষেত্রে নিরাপত্তা পরিষদ রায় কার্যকর করার জন্য সুপারিশ বা ব্যবস্থা নিতে পারে। তবে আন্তর্জাতিক বিচার আদালতের রায় বাধ্যতামূলক হলেও আদালতের নিজস্ব কোনো পুলিশ বা সরাসরি প্রয়োগকারী বাহিনী নেই। রায় বাস্তবায়নে মিয়ানমারের সহযোগিতা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কূটনৈতিক ও রাজনৈতিক চাপ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতাও যেকোনো কার্যকর পদক্ষেপের পথে বাধা হতে পারে। ফলে আইনি স্বীকৃতি ও বাস্তব পরিবর্তনের মধ্যে ব্যবধান দূর করাই এখন বড় চ্যালেঞ্জ। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ আইনি পার্থক্য রয়েছে। আন্তর্জাতিক বিচার আদালত রাষ্ট্র হিসেবে মিয়ানমারের আন্তর্জাতিক দায় নির্ধারণ করেছেন; কোনো নির্দিষ্ট সেনা কর্মকর্তা বা ব্যক্তিকে ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত করে সাজা দেননি। ব্যক্তিবিশেষের বিচার ও শাস্তির জন্য উপযুক্ত জাতীয় বা আন্তর্জাতিক ফৌজদারি বিচারপ্রক্রিয়া প্রয়োজন। আদালতের রায়ে মিয়ানমারকে সন্দেহভাজন অপরাধীদের তদন্ত, প্রয়োজন হলে বিচার ও শাস্তির ব্যবস্থা নিতে বলা হয়েছে। রোহিঙ্গাদের ক্ষতিপূরণের পরিমাণও আদালত এই রায়ে চূড়ান্ত করেননি। বরং ক্ষতিপূরণ ও পুনরুদ্ধারের পদ্ধতি নির্ধারণের জন্য পরবর্তী পর্যায় রেখেছেন এবং দুই বছরের মধ্যে মিয়ানমারকে সংশ্লিষ্ট প্রতিবেদন জমা দিতে বলেছেন। অর্থাৎ রায় ঘোষণার মধ্য দিয়ে বিচারিক লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ পর্যায় শেষ হলেও ক্ষতিপূরণ, প্রত্যাবাসন ও জবাবদিহির বাস্তবায়ন এখনো বাকি। রায়ের পর রোহিঙ্গাদের প্রত্যাশা ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের সামরিক অভিযানের পর সাত লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। তাঁদের অনেকেই হত্যা, ধর্ষণ, নির্যাতন ও গ্রাম ধ্বংসের প্রত্যক্ষ অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশে এসেছেন। এর আগে থেকেই বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের যুক্ত হয়ে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে বিশ্বের অন্যতম বৃহৎ শরণার্থীশিবির গড়ে উঠেছে। দীর্ঘদিনের বাস্তুচ্যুতি, শিক্ষা ও কর্মসংস্থানের সীমাবদ্ধতা, নিরাপত্তাঝুঁকি এবং অনিশ্চিত ভবিষ্যৎ তাঁদের জীবনকে আরও কঠিন করে তুলেছে। আন্তর্জাতিক বিচার আদালতের রায়কে রোহিঙ্গারা দীর্ঘদিনের নির্যাতনের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখছেন। তাঁদের প্রত্যাশা, এই রায়ের ফলে শুধু অপরাধের স্বীকৃতি নয়, বাস্তব বিচার, হারানো অধিকার পুনরুদ্ধার এবং নিজ দেশে ফেরার পথও তৈরি হবে। কিন্তু রাখাইন রাজ্যের চলমান সংঘাত, নিরাপত্তাহীনতা, নাগরিকত্বের অনিশ্চয়তা এবং রোহিঙ্গাদের ওপর দীর্ঘদিনের বৈষম্য প্রত্যাবাসনের পথে বড় বাধা হয়ে রয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে ড. খলিলুর রহমানের এই সফর তাই কেবল একটি আনুষ্ঠানিক সংহতি প্রকাশ নয়; রায়ের পর রোহিঙ্গাদের প্রত্যাশা, উদ্বেগ ও ভবিষ্যৎ করণীয় সরাসরি শোনারও একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। তিনি বক্তব্যের শেষে ১৯৪৮ সালের গণহত্যা সনদের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘গতকাল সেই সনদ এমন এক জনগোষ্ঠীর পক্ষে কাজ করেছে, যাদের কোনো সেনাবাহিনী বা ক্ষমতা নেই।’ জাতিসংঘ সাধারণ পরিষদের চলতি অধিবেশনের মূলমন্ত্র ‘আস্থা পুনরুদ্ধার’ উল্লেখ করে তিনি বলেন, গতকালের রায় বিশ্বকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার পথে বড় পদক্ষেপ। পূর্ণ ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফিরে যাওয়া পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায়কে একসঙ্গে কাজ করতে হবে। রোহিঙ্গাদের জন্য এখন সবচেয়ে বড় প্রশ্ন—দ্য হেগের আদালতের রায় রাখাইনের বাস্তবতায় কত দ্রুত পরিবর্তন আনবে। গণহত্যার বিচারিক স্বীকৃতি তাঁদের দীর্ঘ সংগ্রামে ঐতিহাসিক অর্জন হলেও নিরাপদ প্রত্যাবাসন, নাগরিকত্ব, সম্পত্তি ফেরত, ক্ষতিপূরণ ও অপরাধীদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ন্যায়বিচার পূর্ণতা পাবে না।