জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইটে গন্তব্য মোংলা দেখানো হলেও কাস্টমসে আইজিএম দাখিল হয়নি ইন্দোনেশিয়ার নৌবাহিনীর হাতে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেটসহ আটক হওয়া কমোরসের পতাকাবাহী জাহাজ এমভি স্টার লাইনের বাংলাদেশে আসার কোনো তথ্য নেই মোংলা কাস্টমস হাউজের কাছে। অথচ আন্তর্জাতিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইটগুলোতে জাহাজটির গন্তব্য হিসেবে মোংলা সমুদ্রবন্দরের নাম দেখানো হয়েছিল। কাস্টমসে আমদানি-সংক্রান্ত কোনো ঘোষণা জমা না পড়ায় জাহাজটি আদৌ বাংলাদেশে আসার কথা ছিল কি না, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। সোডিয়াম পারক্লোরেট একটি শক্তিশালী জারক রাসায়নিক। এটি নিজে বিস্ফোরক না হলেও অক্সিজেন সরবরাহের মাধ্যমে অন্য পদার্থের দহন তীব্র করতে পারে। ওষুধ ও বিভিন্ন শিল্পে এর ব্যবহার রয়েছে। পাশাপাশি অ্যামোনিয়াম ও পটাশিয়াম পারক্লোরেটের মতো যৌগ তৈরির কাঁচামাল হিসেবেও এটি ব্যবহৃত হয়। এসব যৌগের সামরিক ও মহাকাশশিল্পে কঠিন জ্বালানিচালিত রকেট ও ক্ষেপণাস্ত্রের প্রপেল্যান্ট তৈরিতে ব্যবহার রয়েছে। মোংলা কাস্টমস হাউজের কমিশনার মো. গিয়াস কামাল জানান, জাহাজটি সম্পর্কে তাঁদের কাছে কোনো তথ্য নেই। এনবিআরের সার্ভারেও এর কোনো ইমপোর্ট জেনারেল ম্যানিফেস্ট (আইজিএম) দাখিল করা হয়নি। ফলে জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট কে, তা-ও তাঁরা নিশ্চিত নন। ইন্দোনেশিয়ার নৌবাহিনী গত ২০ নভেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কমোরসের পতাকাবাহী এমভি স্টার লাইন জাহাজটি উত্তর সুমাত্রার বেলাওয়ান উপকূলে আটক করা হয়েছে। সন্দেহজনক গতিবিধি শনাক্ত করার পর রেডিও যোগাযোগের মাধ্যমে সাড়া না পেয়ে জাহাজটি আটক করা হয় বলে জানায় দেশটির নৌবাহিনী। জাহাজটির ৩৬টি কনটেইনার তল্লাশি করে ১৫টিতে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট পাওয়া যায়। এ ছাড়া ৫৪টি প্যালেটে কয়েক লাখ খালি ৪জি এলটিই সিম কার্ড পাওয়া গেছে। তল্লাশিতে জাহাজটির নিবন্ধনের বৈধতা স্থগিত থাকার বিষয়টিও সামনে আসে। পরিবহনসংক্রান্ত নথিপত্র জাল হতে পারে বলেও সন্দেহ করছে কর্তৃপক্ষ। তদন্তের জন্য জাহাজটিকে কোডারেল-১ নৌঘাঁটিতে নেওয়া হয়েছে। তদন্তে কাস্টমস, পুলিশ ও অভিবাসন কর্তৃপক্ষ যুক্ত রয়েছে। জাহাজের নাবিক ও কর্মীদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি পণ্য তালিকার অসংগতি এবং জব্দ করা পণ্যের প্রকৃত প্রাপক কারা, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান, পণ্যের মালিক কিংবা চালানটির সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় এখনো প্রকাশ করেনি ইন্দোনেশিয়ার নৌবাহিনী। ইন্দোনেশিয়ার নৌবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে জাহাজটির নির্ধারিত গন্তব্য হিসেবে বাংলাদেশের নাম উল্লেখ করা হয়নি। তবে দেশটির কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, জাহাজটির গন্তব্য ছিল বাংলাদেশ। এসব প্রতিবেদনে আন্তর্জাতিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ভেসেলফাইন্ডার ও মেরিনট্রাফিকের তথ্য উদ্ধৃত করা হয়েছে। ওই দুটি ওয়েবসাইটেই জাহাজটির গন্তব্য হিসেবে মোংলা বন্দরের নাম দেখানো হয়েছিল। ভেসেলফাইন্ডারে জাহাজটির মোংলায় পৌঁছানোর সম্ভাব্য সময় দেখানো হয়েছিল ৮ নভেম্বর দুপুর ১২টা। ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী, ৬ নভেম্বর থেকে জাহাজটি উত্তর সুমাত্রার বেলাওয়ান বন্দরের বহির্নোঙরে অবস্থান করছিল। কিন্তু বাংলাদেশ কাস্টমসের তথ্য বলছে, জাহাজটির জন্য মোংলা কিংবা চট্টগ্রাম—কোনো বন্দরের কাস্টমসেই আইজিএম দাখিল করা হয়নি। জাহাজটির পক্ষে কোনো শিপিং এজেন্টও বন্দরে প্রবেশের জন্য বাধ্যতামূলক এই ঘোষণা জমা দেয়নি। আইজিএমে জাহাজের পণ্যবাহী চালানের বিস্তারিত তথ্য থাকে। বাংলাদেশ কাস্টমস আইন অনুযায়ী, জাহাজের শেষ বন্দর থেকে যাত্রা শুরুর ২৪ ঘণ্টার মধ্যে গন্তব্য দেশের কাস্টমস কর্তৃপক্ষের কাছে এ ঘোষণা দাখিল করতে হয়। এনবিআর সূত্র জানায়, জাহাজটি বাংলাদেশে আসার কথা থাকলে স্থানীয় শিপিং এজেন্টের নির্ধারিত সময়ের মধ্যে এনবিআরের সার্ভারে আইজিএম জমা দেওয়ার বাধ্যবাধকতা ছিল। বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের (বাফা) সাবেক সহসভাপতি খায়রুল আলম সুজন বলেন, আইজিএম দাখিল না হওয়া মানেই এই নয় যে জাহাজটির বাংলাদেশে আসার কোনো উদ্দেশ্য ছিল না। তবে জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইটে দেখানো গন্তব্যও নিশ্চিত তথ্য হিসেবে বিবেচনা করা যায় না। তাঁর ভাষ্য, এসব ওয়েবসাইট সাধারণত জাহাজের মালিক বা পরিচালনাকারী প্রতিষ্ঠানের দেওয়া তথ্য প্রকাশ করে। তথ্য যাচাইয়ের মতো শক্তিশালী প্রমাণ তাদের কাছে সব সময় থাকে না। জাহাজের প্রকৃত গন্তব্য ও পণ্যের ধরন নিশ্চিত হওয়ার ক্ষেত্রে আইজিএম গুরুত্বপূর্ণ। এর আগে এসব তথ্য জাহাজের মালিক, প্রধান এজেন্ট, পরিচালনাকারী প্রতিষ্ঠান ও স্থানীয় শিপিং এজেন্টের কাছেই থাকে। দেশের আমদানির তুলনায় অস্বাভাবিক বড় চালান জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, ২০১০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের ২২ নভেম্বর পর্যন্ত ২০ জন আমদানিকারক ৫০টি চালানে মোট ৬৮৫ কেজি সোডিয়াম পারক্লোরেট আমদানি করেছেন। সেই হিসাবে ইন্দোনেশিয়ায় আটক হওয়া ৪০৫ টনের চালানটি বাংলাদেশের গত ১৬ বছর ১০ মাসে আমদানি করা মোট পরিমাণের প্রায় ৫৯১ গুণ। তথ্য বিশ্লেষণে দেখা যায়, দেশে আমদানি হওয়া চালানগুলোর অধিকাংশের পরিমাণ ছিল ১৫ কেজির কম। ৫০টি চালানের মধ্যে ৩০টিতে আমদানির পরিমাণ ছিল দুই কেজি বা তার কম। কোনো কোনো চালানে এক কেজিরও কম রাসায়নিক আমদানি হয়েছে। সবচেয়ে বড় দুটি চালানের প্রতিটির পরিমাণ ছিল ৯৯ কেজি। ২০২২ ও ২০২৪ সালে একজন বাণিজ্যিক আমদানিকারক চট্টগ্রাম বন্দর দিয়ে এসব পণ্য আমদানি করেন। আমদানিকারকদের বড় অংশই ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান। এতে বাংলাদেশে ওষুধশিল্পের গবেষণা ও উৎপাদনসহ কিছু নির্দিষ্ট শিল্পে রাসায়নিকটির সীমিত ব্যবহারের চিত্র পাওয়া যায়। জাহাজের যাত্রাপথ নিয়েও প্রশ্ন চীন থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত জাহাজটির যাত্রাপথ নিয়েও প্রশ্ন উঠেছে। মেরিনট্রাফিকের তথ্য অনুযায়ী, এমভি স্টার লাইন ২০২৬ সালের ১২ সেপ্টেম্বর সকাল ৬টা ১২ মিনিটে (ইউটিসি+৮) চীনের লিয়ানইউনগাং বন্দর ছেড়ে যায়। এরপর ১০ নভেম্বর রাত ৯টায় (ইউটিসি+৭) উত্তর সুমাত্রার বেলাওয়ান বন্দরে পৌঁছায়। দুই বন্দরের সমুদ্রপথের দূরত্ব প্রায় ২ হাজার ৮০০ নটিক্যাল মাইল। আবহাওয়া ও জাহাজের গতির ওপর নির্ভর করে এ দূরত্ব পাড়ি দিতে একটি কার্গো জাহাজের সাধারণত প্রায় ১৭ দিন লাগতে পারে। অথচ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, জাহাজটির বেলাওয়ানে পৌঁছাতে প্রায় ৫৯ দিন লেগেছে। স্বাভাবিক সময়ের তুলনায় এই ব্যবধানের কারণও স্পষ্ট নয়। জাহাজটির বেলাওয়ানে পৌঁছানোর সময় নিয়েও ওয়েবসাইট দুটির তথ্যে অসংগতি রয়েছে। ভেসেলফাইন্ডারে ৬ নভেম্বর জাহাজটির বেলাওয়ান বহির্নোঙরে পৌঁছানোর তথ্য দেখানো হয়েছে। অন্যদিকে, ইন্দোনেশিয়ার নৌবাহিনী জানিয়েছে, তারা জাহাজটি ৭ নভেম্বর আটক করে। মেরিনট্রাফিকে আবার জাহাজটির বন্দরে পৌঁছানোর সময় দেখানো হয়েছে ১০ নভেম্বর। ৫ হাজার ৬৬ টন ধারণক্ষমতা এবং ৪ দশমিক ২ মিটার ড্রাফটের জাহাজটি মোংলা চ্যানেল দিয়ে চলাচল করতে সক্ষম। তবে শিপিং খাতসংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, তুলনামূলক ছোট আকারের বাল্ক বা সাধারণ পণ্যবাহী জাহাজে চীন থেকে এত দীর্ঘ সমুদ্রপথ পাড়ি দিয়ে কনটেইনারে বিপজ্জনক রাসায়নিক পরিবহন অস্বাভাবিক। সাধারণত এ ধরনের পণ্য বড় লাইনার জাহাজে করে আনা হয়। পরে ট্রান্সশিপমেন্ট বন্দরে ছোট ফিডার জাহাজে স্থানান্তর করা হয়। শিল্পে ব্যবহার সীমিত, চালানের পরিমাণ বিপুল সোডিয়াম পারক্লোরেটের শিল্প ও গবেষণাক্ষেত্রে ব্যবহার রয়েছে। বিশ্বখ্যাত রাসায়নিক ও লাইফ সায়েন্স প্রতিষ্ঠান মার্ক কেজিএর তথ্য অনুযায়ী, হাই-পারফরম্যান্স লিকুইড ক্রোমাটোগ্রাফি (এইচপিএলসি) পদ্ধতিতে ওষুধের উপাদান বিশ্লেষণে রাসায়নিকটি ব্যবহৃত হয়। মেথেনামিন ও ইটোরিকক্সিবযুক্ত ওষুধের প্রস্তুতি বিশ্লেষণেও এর ব্যবহার রয়েছে। রাসায়নিক উৎপাদনকারী প্রতিষ্ঠান আরকেমার তথ্য অনুযায়ী, সোডিয়াম পারক্লোরেট রাসায়নিক মধ্যবর্তী উপাদান এবং অ্যামোনিয়াম ও পটাশিয়াম পারক্লোরেট তৈরির কাঁচামাল। এসব যৌগ সামরিক ও মহাকাশশিল্পে প্রপেল্যান্ট তৈরিতে ব্যবহৃত হয়। এ ছাড়া আতশবাজি তৈরি এবং পিভিসি উৎপাদনে সংযোজক হিসেবেও সোডিয়াম পারক্লোরেটের ব্যবহার রয়েছে। ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব টক্সিক সাবস্ট্যান্সেস কন্ট্রোলের (ডিটিএসসি) তথ্য অনুযায়ী, আতশবাজি তৈরিতে সোডিয়াম ও পটাশিয়াম পারক্লোরেট ব্যবহৃত হয়। পারক্লোরেট লবণ বিস্ফোরক, সড়কে ব্যবহৃত ফ্লেয়ার, পাইরোটেকনিক সামগ্রী এবং কঠিন জ্বালানিচালিত রকেটের প্রপেল্যান্ট তৈরিতেও ব্যবহৃত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক মো. সফিকুল ইসলাম বলেন, পারক্লোরেট মূলত বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হলেও শিল্পক্ষেত্রেও এর ব্যবহার রয়েছে। বাংলাদেশে ওষুধশিল্পের গবেষণাসহ কয়েকটি শিল্পে এই রাসায়নিক ব্যবহার করা হয়। তবে এর ব্যবহার খুবই সীমিত। তাঁর ধারণা, দেশে বছরে এ রাসায়নিকের চাহিদা ৩০ থেকে ৪০ কেজির বেশি হওয়ার কথা নয়। অধ্যাপক সফিকুল ইসলাম বলেন, রাসায়নিকটির শিল্প ও প্রতিরক্ষাসংশ্লিষ্ট সম্ভাব্য ব্যবহার এবং বাংলাদেশের দীর্ঘদিনের আমদানির পরিমাণের তুলনায় আটক হওয়া চালানের বিপুল ব্যবধান বিবেচনায় এর প্রকৃত মালিকানা ও গন্তব্য নিশ্চিত করা জরুরি। আন্তর্জাতিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইটগুলোতে মোংলাকে গন্তব্য হিসেবে দেখানোর কারণও খতিয়ে দেখা প্রয়োজন। সব মিলিয়ে জাহাজটির প্রকৃত গন্তব্য, পণ্যের মালিকানা, পরিবহন নথির বৈধতা এবং মোংলাকে গন্তব্য হিসেবে দেখানোর উৎস—এসব প্রশ্নের উত্তর এখনো মেলেনি। ইন্দোনেশিয়ার তদন্তের পাশাপাশি সংশ্লিষ্ট আন্তর্জাতিক শিপিং প্রতিষ্ঠান ও সম্ভাব্য স্থানীয় এজেন্টের তথ্য যাচাই করলেই চালানটির প্রকৃত গন্তব্য সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে।