তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পাবে শ্রমবাজার, বাণিজ্য ও বিনিয়োগ; সই হতে পারে একাধিক সমঝোতা স্মারক বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বার্তা নিয়ে আগামী ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দুই দিনের সফরে ৭ ও ৮ ডিসেম্বর বাংলাদেশে অবস্থান করবেন তিনি। তবে ঢাকায় তাঁর অবস্থান হতে পারে সর্বোচ্চ ১২ থেকে ১৩ ঘণ্টা। সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন তিনি। বিএনপি সরকার গঠনের পর কোনো বিদেশি সরকারপ্রধানের এটিই হবে বাংলাদেশে প্রথম সফর। ঢাকা ও কুয়ালালামপুরের কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, ৭ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে আনোয়ার ইব্রাহিমের। পরদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন তিনি। বৈঠকে দুই দেশের সম্পর্ক জোরদারের পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, শ্রমবাজার, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি ও শিক্ষা খাতের বিভিন্ন বিষয় গুরুত্ব পেতে পারে। ঢাকা সফর শেষে আনোয়ার ইব্রাহিমের ব্যাংকক যাওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলোর মতে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এই সফর দুই দেশের সাম্প্রতিক উচ্চপর্যায়ের যোগাযোগের ধারাবাহিকতা। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার চার মাস পর গত জুনে তারেক রহমান তাঁর প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যান। সেখান থেকে তিনি চীন সফর করেন। কুয়ালালামপুর সফরে দুই দেশের মধ্যে যেসব বিষয়ে আলোচনা ও সমঝোতা হয়েছিল, আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফরে সেগুলোর অগ্রগতি পর্যালোচনার সুযোগ তৈরি হবে। সরকারের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর করেছেন, এবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছেন। তারেক রহমানের সফরের সময় যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছিল, আনোয়ার ইব্রাহিমের সফরে সেগুলোর ফলোআপ আলোচনার সুযোগ তৈরি হবে। পাশাপাশি দুই দেশের বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়েও আলোচনা হবে। জুনে তারেক রহমানের মালয়েশিয়া সফরে দুই দেশের মধ্যে সংস্কৃতিবিষয়ক একটি সমঝোতা স্মারক সই হয়। এ ছাড়া সন্ত্রাসবাদ দমনে গবেষণা ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতাসংক্রান্ত একটি দলিল এবং বিনিয়োগসংক্রান্ত একটি দ্বিপক্ষীয় দলিল বিনিময় করা হয়। এবার আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফরেও কয়েকটি সমঝোতা স্মারক ও ‘নোট অব এক্সচেঞ্জ’ সইয়ের সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। ঢাকার একটি কূটনৈতিক সূত্রের ইঙ্গিত, সফরে তথ্য ও সম্প্রচার এবং তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত দুটি সমঝোতা স্মারক সই হতে পারে। সরকারের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, ডিসেম্বরেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশে আসবেন বলে আশা করা হচ্ছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এটি কোনো বিদেশি সরকারপ্রধানের প্রথম সফর হতে যাচ্ছে। দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর করেছেন, এবার দেশটির প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছেন। সফরে ইতিবাচক অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি। শ্রমবাজারে বিশেষ গুরুত্ব আনোয়ার ইব্রাহিমের সফরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়গুলোর একটি হতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার। দক্ষিণ-পূর্ব এশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য দেশটি অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্য। ২০২৪ সাল থেকে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার কার্যত বন্ধ রয়েছে। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর বাজারটি আবার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। গত জুনে মালয়েশিয়া সফরের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রধানমন্ত্রীকে বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার উন্মুক্ত করার অনুরোধ জানান। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, নিরাপদ অভিবাসন ও কর্মী নিয়োগের প্রক্রিয়া নিয়ে আনোয়ার ইব্রাহিমের সফরে আলোচনা হবে। সরকারের একজন কর্মকর্তা বলেন, মালয়েশিয়া বাংলাদেশের জন্য বড় শ্রমবাজার। দেশটির প্রধানমন্ত্রীর সফরে নিরাপদ অভিবাসনের বিষয়টি গুরুত্ব পাবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু করতে চায় সরকার। এ নিয়োগ কার্যক্রমে মালয়েশিয়ার কোম্পানি ডিএইচএল যুক্ত থাকবে। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মোট ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। চাহিদাপত্র পাওয়ার ভিত্তিতে পর্যায়ক্রমে কর্মী পাঠানো হবে। এর অংশ হিসেবে প্রথম ধাপে ১১২ জন কর্মী মালয়েশিয়ায় যাওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে তাঁদের বাছাই ও স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে। প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। সরকারিভাবে কর্মী পাঠানো শুরু হলে পরবর্তী সময়ে বেসরকারি পর্যায়েও কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন তিনি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সফর সামনে রেখে বুধবার (১৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আন্তমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে সফরের প্রস্তুতি ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উল্লেখ্য, ২০২৪ সালের অক্টোবরে সাবেক অন্তর্বর্তী সরকারের সময়ে বাংলাদেশ সফর করেছিলেন আনোয়ার ইব্রাহিম। প্রায় দুই বছরের ব্যবধানে আবারও ঢাকায় আসছেন তিনি। এবারের সফরে দুই দেশের রাজনৈতিক যোগাযোগের পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারের মতো গুরুত্বপূর্ণ খাতে দৃশ্যমান অগ্রগতির প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।