ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের জেরে পুলিশ ও শ্রমিকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এ ঘটনায় পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন শ্রমিক ও পথচারী আহত হয়েছেন। ভাঙচুর ও বিক্ষোভের জেরে শিল্পাঞ্চলের অন্তত ১৩টি কারখানা বন্ধ হয়ে গেছে। এদিকে আন্দোলনের মধ্যেই বোমা সদৃশ তিনটি বস্তু উদ্ধার করেছে শিল্প পুলিশ। আজ দুপুরে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের নিশ্চিন্তপুর এলাকায় নিউ এইজ কারখানার সামনে থেকে এই বস্তু উদ্ধার করা হয়। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ কারখানা ছুটি ও উত্তেজনাকর পরিস্থিতির বিষয়টি নিশ্চিত করেন। জানা যায়, শনিবার সকাল ৮টার পর থেকে আশুলিয়ার কাঠগড়া বাজার, নয়াপাড়া ও নিশ্চিন্তপুর এলাকার বিভিন্ন পোশাক কারখানায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শ্রমিকরা কারখানার ভেতরে কাজ বন্ধ করে বাইরে বেরিয়ে আসেন এবং বিক্ষোভ শুরু করেন। এ সময় কন্টিনেন্টাল, এআর জিন্স ও সিডব্লিউএসহ বেশ কিছু কারখানায় শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ ও ব্যাপক ভাঙচুর চালান। বিশেষ করে এআর জিন্স ও কন্টিনেন্টাল কারখানার বিভিন্ন গ্লাস ভাঙচুরের শিকার হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এআর জিন্সসহ সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। পরে দুপুর থেকে বিক্ষুব্ধ শ্রমিকরা আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের নিশ্চিন্তপুর এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করতে থাকে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং মহাসড়ক ও শিল্পাঞ্চলের শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালান। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এই সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন শ্রমিক ও পথচারী আহত হয়েছেন। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এখনো ঘটনাস্থলে শ্রমিক ও পুলিশের মধ্যে থমথমে ও মুখোমুখি অবস্থান বিরাজ করছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, শ্রমিক অসন্তোষের জেরে ওই এলাকার অন্তত ১৩টি কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে নিউ এইজ, নীট এশিয়া, স্টার্লিং ক্রিয়েশন, কন্টিনেন্টাল ও এআর জিন্স উল্লেখযোগ্য। তবে এসব বিষয়ে কারখানাগুলোর দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। সার্বিক বিষয়ে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আমার কাছে তথ্য রয়েছে ৬টির মতো কারাখানা ছুটি ঘোষণা করা হয়েছে।