প্রকাশ :: ... | ... | ...

শেখ হাসিনাকে দেশে ফেরানোর গোপন তৎপরতা: নোবিপ্রবিতে তিন সদস্যের অনুসন্ধান কমিটি গঠন


সংযুক্ত ছবি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য গোপন তৎপরতায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কোনো শিক্ষক জড়িত আছেন কি না, তা অনুসন্ধানে তিন সদস্যের একটি ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. তামজিদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশে বলা হয়, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে যে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর পরিবেশ তৈরির লক্ষ্যে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষক গোপন তৎপরতায় জড়িত রয়েছেন। এ প্রেক্ষাপটে নোবিপ্রবির কোনো শিক্ষক এ ধরনের কর্মকাণ্ডে সম্পৃক্ত আছেন কি না, সে বিষয়ে তথ্য অনুসন্ধানের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশক্রমে এই ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলামকে। সদস্য হিসেবে রয়েছেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হাসান উদ্দীন এবং সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ.এফ.এম. আরিফুর রহমান। উল্লেখ্য, সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে শেখ হাসিনাকে দেশে ফেরানোর গোপন তৎপরতায় নোবিপ্রবির ৩৮ জন শিক্ষকের নাম উঠে এসেছে বলে দাবি করা হয়। এসব প্রতিবেদন প্রকাশের পর বিশ্ববিদ্যালয়জুড়ে বিষয়টি নিয়ে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে বিষয়টির সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় তথ্য অনুসন্ধানের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করেছে। শু/আজা