প্রকাশ :: ... | ... | ...

সদরপুরে মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান: জাল ও ট্রলার জব্দ, ৩ জেলের কারাদণ্ড


সংযুক্ত ছবি

ফরিদপুরের সদরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর অংশ হিসেবে আড়িয়াল খাঁ ও পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর। এ সময় ৮০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও একটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়। পাশাপাশি সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে তিন জেলেকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৯ অক্টোবর) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে সদরপুর থানা পুলিশ সহযোগিতা করে। অভিযান চলাকালে নদীর বিভিন্ন স্থান থেকে জব্দ করা ৮০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া জব্দ করা পাঁচ কেজি মা ইলিশ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। অভিযান শেষে সোমবার রাত ৯টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদরপুরের সহকারী কমিশনার (ভূমি) পলাশ উদ্দিন। এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারের দায়ে তিন জেলেকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন—রুবেল হোসেন, পিতা মজিবর শিকদার, গ্রাম চর বলাশিয়া, ইউনিয়ন ঢেউখালী; হিরণ কাড়াল, পিতা দবির কাড়াল, গ্রাম কাড়াল কান্দি, ইউনিয়ন চর নাসিরপুর; এবং কুদ্দুস খলিফা, পিতা কাশেম খলিফা, গ্রাম হালিম হাওলাদার কান্দি, ইউনিয়ন চর নাসিরপুর। যৌথ অভিযানে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন ও উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহিল আবরার। সার্বিক সহযোগিতা করে সদরপুর থানা পুলিশ। সংশ্লিষ্ট সূত্র জানায়, ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপত্তা নিশ্চিত করা এবং ইলিশের উৎপাদন বাড়াতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। নিষিদ্ধ সময়ে নদীতে অবৈধভাবে মাছ শিকার বন্ধ এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।