প্রাথমিক পর্যায়ের নির্দিষ্ট ধরনের স্তন ক্যানসারের চিকিৎসায় ব্যবহার করা যাবে রোশের তৈরি ওষুধটি প্রাথমিক পর্যায়ের নির্দিষ্ট ধরনের স্তন ক্যানসারের চিকিৎসায় নতুন হরমোন থেরাপির ওষুধ ‘উইলসার্ডলি’র অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। সুইজারল্যান্ডের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান রোশের তৈরি ওষুধটির জেনেরিক নাম গিরেডেস্ট্রান্ট। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ওষুধটির ব্যবহারের অনুমোদন দেয় এফডিএ। স্তন ক্যানসারের চিকিৎসায় হরমোন থেরাপির ক্ষেত্রে দুই দশকের বেশি সময় পর নতুন এই ওষুধের অনুমোদনকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রে উইলসার্ডলির তালিকামূল্য মাসে ২২ হাজার ৫০০ ডলার। প্রতি ডলারের বিনিময়মূল্য ১২৪ টাকা ৭০ পয়সা হিসাবে বাংলাদেশি মুদ্রায় এর দাম প্রায় ২৮ লাখ ৬ হাজার টাকা। ৩০ দিনের হিসাবে দৈনিক খরচ দাঁড়ায় প্রায় ৯৪ হাজার টাকা। তবে এটি তালিকামূল্য; মূল্যছাড় বা বিমার সুবিধা এতে বিবেচনা করা হয়নি। চিকিৎসার জন্য রোগীদের অন্য ওষুধও প্রয়োজন হতে পারে। সুইজারল্যান্ডের বাসেলভিত্তিক রোশের প্রত্যাশা, বাজারে আসার পর উইলসার্ডলি তাদের অন্যতম সর্বাধিক বিক্রীত ওষুধে পরিণত হতে পারে। কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা তেরেসা গ্রাহাম সাংবাদিকদের সঙ্গে এক ফোনালাপে বলেন, ওষুধটি রোশের ইতিহাসে সবচেয়ে সফল ওষুধ হওয়ার সম্ভাবনা রাখে। রোশ অবশ্য ওষুধটির বিক্রি নিয়ে নির্দিষ্ট কোনো পূর্বাভাস দেয়নি। তবে গ্রাহামের আশা, উইলসার্ডলির বার্ষিক সর্বোচ্চ বিক্রি কোম্পানির বর্তমান শীর্ষ ওষুধ অক্রেভাসের কাছাকাছি পৌঁছাতে পারে। মাল্টিপল স্ক্লেরোসিস বা স্নায়ুতন্ত্রের রোগের চিকিৎসায় ব্যবহৃত অক্রেভাসের জেনেরিক নাম অক্রেলিজুমাব। ২০২৫ সালে ওষুধটি থেকে রোশের আয় হয়েছে ৭ দশমিক ০১ বিলিয়ন সুইস ফ্রাঁ, যা প্রায় ৮ দশমিক ৩ বিলিয়ন ডলারের সমান। এর আগে আরবিসি ক্যাপিটাল মার্কেটসের বিশ্লেষকেরা পূর্বাভাস দিয়েছিলেন, উইলসার্ডলির বার্ষিক বিক্রি সর্বোচ্চ প্রায় ১৪ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। তাঁদের ধারণা, ওষুধটি স্তন ক্যানসারের চিকিৎসায় গুরুত্বপূর্ণ একটি বিকল্প হয়ে উঠতে পারে। এদিকে ইউরোপে ওষুধটির অনুমোদনের আবেদন জমা দেওয়ার আগে রোগীদের বেঁচে থাকার হারসংক্রান্ত আরও ক্লিনিক্যাল তথ্য সংগ্রহ করতে চায় রোশ। কোম্পানির আশা, আগামী বছরের প্রথমার্ধে এসব তথ্য পাওয়া যাবে। এরপর ইউরোপীয় বাজারে অনুমোদনের আবেদন করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।