খালেদা জিয়ার প্রয়াণে শোকার্ত শাকিব, অপু, জয়ারা

আজাদ প্রতিবেদন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের শোবিজ অঙ্গনেও নেমে এসেছে শোকের ছায়া। চলচ্চিত্র, নাটক ও সংগীত জগতের তারকা শিল্পী ও নির্মাতারা সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক প্রকাশ করে প্রয়াত এই নেত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

দীর্ঘ ৪০ দিন ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ভোর ৬টায় চিকিৎসকরা বেগম খালেদা জিয়াকে মৃত ঘোষণা করেন। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের মাধ্যমে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিতি পাওয়া খালেদা জিয়া টানা ৪১ বছর বিএনপির নেতৃত্ব দেন। তিনি পাঁচবার সংসদ সদস্য, তিনবার প্রধানমন্ত্রী এবং দুইবার বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করেন।

তার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম যেন শোকবইয়ে পরিণত হয়েছে। ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান এক পোস্টে খালেদা জিয়ার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি। তাঁর রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।”

অভিনেত্রী জয়া আহসান খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকার মূল্যায়ন করে বলেন, “তাঁর উপস্থিতির মূল্যই ছিল অসামান্য। বেগম খালেদা জিয়া বড় দুঃসময়ে বিদায় নিলেন। সামনে নির্বাচন আর গণতন্ত্রের জন্য মানুষ অপেক্ষা করছে।” তিনি আরও বলেন, সামরিক শাসনবিরোধী ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে খালেদা জিয়া ছিলেন সাহসী ও নেতৃত্বগুণে উজ্জ্বল এক প্রধান চরিত্র। “তার সঙ্গে দেশের দীর্ঘ রাজনৈতিক আন্দোলনের একটি অধ্যায় শেষ হলো”—এভাবেই প্রয়াত নেত্রীকে স্মরণ করেন জয়া।

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব শোকবার্তায় বলেন,  “বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। মহান আল্লাহ তাকে জান্নাত নসিব করুন।”

ব্যান্ড মাইলসের ভোকালিস্ট হামিন আহমেদ খালেদা জিয়ার মৃত্যুতে একে “একটি যুগের অবসান” হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “চারদিকে ষড়যন্ত্রকারী ও দুষ্ট লোকে ভরা সেই যুগে মাননীয়া বেগম খালেদা জিয়া সততা, দেশপ্রেম ও সংকল্পে ছিলেন সবচেয়ে উঁচুতে। গভীর শ্রদ্ধা।”

চিত্রনায়িকা অপু বিশ্বাস খালেদা জিয়ার একটি পুরনো ছবি পোস্ট করে লেখেন, “এই চিরবিদায় যেন মহাকালের সাক্ষী হয়ে রইলো। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রস্থান যুগে যুগে মানুষের হৃদয়ে লেখা থাকবে।”

অভিনেতা সিয়াম আহমেদও খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করেন।

নির্মাতা আশফাক নিপুণ তার ফেসবুক পোস্টে লেখেন, “প্রতিপক্ষের হাতে মানবিক মর্যাদা থেকে বঞ্চিত হওয়ার পরও আপনি ছিলেন দৃঢ়তা, সৌন্দর্য ও কখনো হার না মানার প্রতীক। শান্তিতে বিশ্রাম নিন, বেগম খালেদা জিয়া। এই জাতি আপনাকে গর্বের সঙ্গে স্মরণ করবে।”

সংগীতশিল্পী পড়শী শোকবার্তায় উল্লেখ করেন, “কিছু মানুষ শুধু রাজনীতির গণ্ডিতে নয়, ইতিহাসের অংশ হয়ে থাকেন। আজ ইতিহাসের একটি অধ্যায় থেমে গেল।”

সব মিলিয়ে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও বেগম খালেদা জিয়ার প্রয়াণকে একটি যুগের অবসান হিসেবেই দেখছেন শোবিজ তারকারা।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত