সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের ব্যক্তিগত জীবন, চেহারা ও শারীরিক গঠন নিয়ে নেতিবাচক মন্তব্যের প্রবণতা দিন দিন উদ্বেগজনক হয়ে উঠছে। বিশেষ করে বিনোদন অঙ্গনের নারীরা নিয়মিতই বডি শেমিং ও সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন। সম্প্রতি এমনই এক পরিস্থিতির মুখোমুখি হয়ে নারীর শরীর নিয়ে অবলীলায় মন্তব্য করার প্রবণতার তীব্র প্রতিবাদ জানিয়েছেন পাকিস্তানি অভিনেত্রী ও চিত্রশিল্পী নাইমাল খাওয়ার খান। ‘ডন’-এর প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়ার পর নাইমালের শারীরিক গঠন ও ওজন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মন্তব্য ছড়িয়ে পড়ে। কেউ কেউ এমনও দাবি করেন, তাকে আগের মতো দেখাচ্ছে না। এমনকি কোনো ভিত্তি ছাড়াই তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়েও জল্পনা শুরু হয়। বিষয়টি নিয়ে ইনস্টাগ্রামে ক্ষোভ প্রকাশ করেন ‘আনা’ ধারাবাহিকখ্যাত এই অভিনেত্রী। তিনি প্রশ্ন তোলেন—একজন মানুষের শরীর নিয়ে মন্তব্য করাকে অন্যরা কেন নিজেদের অধিকার মনে করেন? বডি শেমিংয়ের এই প্রবণতাকে দুঃখজনক উল্লেখ করে নারীর শরীরকে সস্তা বিনোদনের উপকরণ হিসেবে ব্যবহার বন্ধ করার আহ্বান জানান নাইমাল। ব্যক্তিগত অভিজ্ঞতাও জানিয়েছেন অভিনেত্রী ২০২০ সালে অভিনেতা হামজা আব্বাসির সঙ্গে বিয়ের পর এক পুত্রসন্তানের মা হন নাইমাল। সন্তান জন্মের পর প্রসব-পরবর্তী মানসিক বিষণ্ণতার অভিজ্ঞতার কথাও তিনি আগে প্রকাশ্যে জানিয়েছিলেন। ওই সময় প্রায় তিন বছর ছবি আঁকা থেকে দূরে থাকতে হয়েছিল তাকে। পরে মানসিক প্রতিবন্ধকতা কাটিয়ে আবারও নিজের কাজ ও সৃজনশীলতায় ফিরেছেন তিনি। এরপরও নিজের শরীর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর মন্তব্যের মুখোমুখি হওয়ায় হতাশা প্রকাশ করেছেন নাইমাল। তার বক্তব্যে উঠে এসেছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন—কোনো নারীর শরীর, ওজন কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে মন্তব্য করার অধিকার অন্যদের কে দিয়েছে?