বাংলাদেশ-পাকিস্তানের যৌথ প্রযোজনায় ‘মহব্বত’, পরিচালনায় হিমেল আশরাফ অ্যাকশন ও প্রতিশোধের গল্পের পর এবার প্রেমের আবহে পর্দায় ফিরছেন ঢালিউড তারকা শাকিব খান। তাঁর নতুন সিনেমা ‘মহব্বত’-এ দেখা যাবে এক পাকিস্তানি অভিনেত্রীকে। বাংলাদেশ ও পাকিস্তানের চলচ্চিত্রশিল্পের যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি। পরিচালনা করবেন হিমেল আশরাফ। সিনেমাটিতে পাকিস্তানি অভিনেত্রীর যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শাকিব খান নিজেই। তিনি বলেন, পাকিস্তানের চলচ্চিত্রশিল্পের সঙ্গে বাংলাদেশের একটি যৌথ কাজ হতে যাচ্ছে। এতে পাকিস্তানের একজন অভিনেত্রীও অভিনয় করবেন। পাকিস্তানের চলচ্চিত্রশিল্প সম্পর্কে খোঁজ নিতে গিয়ে দেশটিতে সিনেমা হলের সংখ্যা সম্পর্কে নতুন ধারণা পাওয়ার কথাও জানিয়েছেন এই অভিনেতা। তাঁর ভাষ্য, দেশটিতে তাঁর ধারণার চেয়েও অনেক বেশি সিনেমা হল রয়েছে। পাকিস্তানের চলচ্চিত্রের ব্যবসায়িক সম্ভাবনার কথা তুলে ধরে শাকিব খান বলেন, আধুনিক মাল্টিপ্লেক্সসহ সেখানে চালু সিনেমা হলের সংখ্যা প্রায় ১ হাজার ২০০। দেশটির কোনো সিনেমা ব্লকবাস্টার হলে ২০০ থেকে ৩০০ কোটি টাকার ব্যবসা করে। বাংলাদেশের চলচ্চিত্রও একসময় এমন জায়গায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। গত কয়েক বছরে শাকিব খানকে পর্দায় বেশির ভাগ সময় অ্যাকশননির্ভর চরিত্রে দেখা গেছে। ‘তুফান’, ‘তাণ্ডব’, ‘বরবাদ’ ও ‘প্রিন্স’-এর মতো সিনেমায় ছিল তাঁর মারকুটে উপস্থিতি। কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘রকস্টার’ সিনেমায় গায়কের চরিত্রেও অভিনয় করেছেন তিনি। অন্যদিকে প্রেমের গল্প নির্মাণে অভিজ্ঞতা রয়েছে পরিচালক হিমেল আশরাফের। তাঁর পরিচালনায় ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করে বড় সাফল্য পান শাকিব খান। পরে ‘রাজকুমার’ সিনেমাতেও এই জুটির কাজ দর্শকের আগ্রহ তৈরি করে। এবার ‘মহব্বত’ ঘিরেও দর্শকের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে।