পাকিস্তানে নিষিদ্ধ সালমান খান, বক্তব্যে তীব্র সমালোচনার ঝড়

আজাদ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:


ভারতের জনপ্রিয় অভিনেতা সালমান খান সম্প্রতি সৌদি আরবে এক আন্তর্জাতিক ফোরামে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে বড় ধরনের বিতর্কের মুখে পড়েছেন। বক্তৃতার এক পর্যায়ে তিনি বলেন,
“সৌদি আরবে ভিন্ন ভিন্ন দেশ থেকে মানুষ এসে কাজ করছেন—যেমন বালুচিস্তান, আফগানিস্তান, পাকিস্তান।”

এই বক্তব্যে বালুচিস্তান ও পাকিস্তানকে পৃথক দেশ হিসেবে উল্লেখ করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান সরকার। বিষয়টি নিয়ে সেখানে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তীব্র সমালোচনার ঝড়।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, সালমানের মন্তব্যকে ইচ্ছাকৃত বলে দাবি করেছে পাকিস্তান। তাদের অভিযোগ, এই বক্তব্যের মাধ্যমে তিনি বালুচিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখানোর চেষ্টা করেছেন। এর জেরে পাকিস্তানের সন্ত্রাসদমন শাখা (CTD) সালমান খানকে ‘সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে উৎসাহদানকারী’ বলে অভিহিত করেছে এবং পাকিস্তানে তার সব সিনেমা ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে।

অন্যদিকে, বালোচ স্বাধীনতাপন্থী নেতারা সালমানের বক্তব্যকে স্বাগত জানিয়ে প্রকাশ্যে ধন্যবাদ জানিয়েছেন। তারা বলছেন, আন্তর্জাতিক অঙ্গনে বালুচিস্তানের নাম আলাদা করে উল্লেখ করাই তাদের দীর্ঘদিনের স্বাধীনতার দাবিকে আরও জোরালোভাবে তুলে ধরেছে।

সালমানের মন্তব্যের প্রেক্ষিতে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতি ও সামাজিক মাধ্যমে এখন তুমুল বিতর্ক চলছে। অনেকেই বলছেন, একজন ভারতীয় তারকার মুখে এমন বক্তব্য পাকিস্তানের জন্য কূটনৈতিকভাবে বিব্রতকর।

প্রসঙ্গত, বালুচিস্তান নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। বালুচ জাতিগোষ্ঠীর একটি অংশ স্বাধীনতার দাবি জানালেও পাকিস্তান সরকার বরাবরই বালুচিস্তানকে তাদের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে আসছে।

সালমান খান এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাননি, তবে তার ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে—তিনি ইচ্ছাকৃতভাবে নয়, উদাহরণ টানার সময় ভুলবশত বালুচিস্তানকে পৃথকভাবে উল্লেখ করেছিলেন। তবুও পাকিস্তানে তার জনপ্রিয়তা এখন প্রবল ধাক্কার মুখে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত