প্রকাশ :: ... | ... | ...

রাষ্ট্রীয় সম্মানে ভূষিত হানিফ সংকেত, আবেগঘন বার্তা কুমার বিশ্বজিতের


সংযুক্ত ছবি

হানিফ সংকেত ও কুমার বিশ্বজিৎ সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছর স্বাধীনতা পুরস্কারের জন্য ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠানকে মনোনীত করা হয়েছে। সেই তালিকায় সংস্কৃতি ক্ষেত্রে অনন্য অবদানের জন্য হানিফ সংকেতের নাম ঘোষণা করা হয়। দীর্ঘ কয়েক দশক ধরে তিনি টেলিভিশন অনুষ্ঠান, সামাজিক সচেতনতা ও সৃজনশীল বিনোদনের মাধ্যমে দর্শকদের কাছে বিশেষভাবে পরিচিত হয়ে উঠেছেন। বিশেষ করে তার নির্মিত জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি দেশের টেলিভিশন ইতিহাসে অন্যতম সফল ও দীর্ঘমেয়াদি অনুষ্ঠান হিসেবে স্বীকৃত। রাষ্ট্রীয় এই সম্মাননার খবর প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছার বন্যায় ভাসছেন হানিফ সংকেত। নিজের অনুভূতি জানাতে তিনি একটি আবেগঘন বার্তাও প্রকাশ করেছেন। সেখানে তিনি লিখেন, সুহৃদ, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এ বছর আমাকে সংস্কৃতিতে ‘স্বাধীনতা পদক’-এ ভূষিত করেছেন। এই অর্জন আমার একার নয়। যাদের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতায় সাংস্কৃতিক অঙ্গনে আমার এই দীর্ঘ যাত্রা সম্ভব হয়েছে, এই অর্জন তাদের সবার। এদিকে প্রিয় বন্ধুর এমন অনন্য অর্জনে আনন্দ প্রকাশ করেছেন দেশের বরেণ্য সংগীতশিল্পী ও সুরকার কুমার বিশ্বজিৎ। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে হানিফ সংকেতকে অভিনন্দন জানিয়ে লিখেন, বন্ধু, তোর ‘স্বাধীনতা পদক’ প্রাপ্তিতে আমি ভীষণ আনন্দিত। তোর জন্য রইলো অনেক ভালোবাসা আর শুভকামনা। তার এই সংক্ষিপ্ত কিন্তু আন্তরিক বার্তা দ্রুতই ভক্তদের মাঝে ছড়িয়ে পড়ে। উল্লেখ্য, দীর্ঘ সময় ধরে হানিফ সংকেত তার অনুষ্ঠান ও বিভিন্ন সামাজিক উদ্যোগের মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি তুলে ধরেছেন এবং ইতিবাচক পরিবর্তনের বার্তা দিয়েছেন। সুস্থ ধারার বিনোদন, মানবিক মূল্যবোধ ও সামাজিক সচেতনতা ছড়িয়ে দিতে তার ভূমিকা দেশের সাংস্কৃতিক অঙ্গনে বিশেষভাবে প্রশংসিত। ফলে স্বাধীনতা পদকের মতো রাষ্ট্রীয় সম্মাননা পাওয়াকে অনেকেই তার দীর্ঘ কর্মজীবনের স্বীকৃতি হিসেবে দেখছেন।