প্রকাশ :: ... | ... | ...

শাবনূরকে নিয়ে ৩০ বছর পর কি বললেন সালমান শাহর মা


সংযুক্ত ছবি

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পর অভিনেত্রী শাবনূরকে নিয়ে নতুন করে কথা বলেছেন তার মা নীলা চৌধুরী। দীর্ঘদিন ধরে সালমান শাহ ও শাবনূরের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন থাকলেও এবার সেই বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। সম্প্রতি সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন গ্রেপ্তার হওয়ার পর বিভিন্ন গণমাধ্যমে কথা বলতে গিয়ে নীলা চৌধুরী বলেন, সালমান শাহ ও শাবনূরের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক ছিল না। বরং শাবনূরকে নিজের বোনের মতোই দেখতেন তার ছেলে। নীলা চৌধুরী বলেন, সালমানের হত্যাকাণ্ড সম্পর্কে শাবনূর অনেক কিছু জানত। তবে শাবনূরের সঙ্গে আমার ছেলের কোনো প্রেমের সম্পর্ক ছিল না। শাবনূর আমার ছেলের ওপর নির্ভরশীল ছিল। সালমান তাকে বিভিন্নভাবে সহযোগিতা করত। তার কোনো বোন ছিল না, তাই শাবনূরকে বোনের মতোই দেখত এবং স্নেহ করত। সালমান শাহ ও শাবনূরের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে নানা আলোচনা-সমালোচনা এবং প্রেমের গুঞ্জন প্রচলিত থাকলেও নীলা চৌধুরীর এই বক্তব্যে নতুন মাত্রা যোগ হয়েছে। ইতোমধ্যে শাবনূরের ভক্তরাও সামাজিক যোগাযোগমাধ্যমে এ বক্তব্যকে স্বাগত জানিয়েছেন এবং পুরোনো গুঞ্জনকে ভিত্তিহীন বলে দাবি করছেন। ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় সালমান শাহর। প্রথম ছবিতে তার নায়িকা ছিলেন মৌসুমী। পরে ‘তুমি আমার’ সিনেমার মাধ্যমে শাবনূরের সঙ্গে জুটি বাঁধেন তিনি। সেই থেকে বাংলা চলচ্চিত্রে অন্যতম জনপ্রিয় জুটি হিসেবে পরিচিতি পান সালমান-শাবনূর। মাত্র চার বছরের অভিনয় জীবনে সালমান শাহ ২৭টি সিনেমায় অভিনয় করেন। এর মধ্যে ১৪টি সিনেমায় তার সহশিল্পী ছিলেন শাবনূর। ‘সুজন সখী’, ‘বিচার হবে’, ‘বিক্ষোভ’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘মহামিলন’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘জীবন সংসার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘প্রেম পিয়াসী’, ‘স্বপ্নের নায়ক’ ও ‘আনন্দ অশ্রু’সহ তাদের অভিনীত অধিকাংশ সিনেমাই দর্শকপ্রিয়তা ও ব্যবসায়িক সাফল্য অর্জন করে। উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুর পর থেকে তার মৃত্যু ও ব্যক্তিগত জীবন ঘিরে নানা আলোচনা এবং বিতর্ক এখনো অব্যাহত রয়েছে।