৪ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সাংবাদিককে লিগ্যাল নোটিশ অভিনেত্রী সাবা কামারের

আজাদ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

গত আগস্টেই বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে শিরোনামে জায়গা করে নিয়েছিলেন পাকিস্তানি টেলিভিশন ইন্ডাস্ট্রির পরিচিত মুখ ও মডেল সাবা কামার। এবার ভিন্ন কারণে আলোচনায় উঠে এলেন। আইনি বিষয়ে জড়িয়েছেন তিনি। একজন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগ এনেছেন এ অভিনেত্রী। সংবাদমাধ্যম ট্রিবিউন এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, একজন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি রুপি (যা বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি ৩০ লাখ টাকা) ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সাবা কামার। মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগে এ নোটিশ পাঠিয়েছেন অভিনেত্রী।

অভিযোগে বলা হয়েছে, সাংবাদিক নাঈম হানিফ একটি পডকাস্ট শোয়ে দাবি করেন, সাবা একসময় লাহোরের ওয়ালটন এলাকায় যে বাড়িতে থাকতেন, সেটি অজ্ঞাত এক ব্যক্তি দিয়েছিলেন অভিনেত্রীকে। এরপরই শুরু হয় বিতর্ক।

এ অভিযোগ অবশ্য পাকিস্তানি তারকা অস্বীকার করেছেন। তিনি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পডকাস্টের একটি স্ক্রিনশট শেয়ার করে দাবিগুলোকে ভিত্তিহীন ও অসত্য বলে অভিহিত করেছেন। বলেছেন, আমি কখনো ওয়ালটন এলাকায় থাকিনি এবং এ ধরনের মন্তব্যগুলো একজন মানুষের ব্যক্তিত্ব হত্যার জন্য গুরুতর অপরাধ।

সাবা কামারের আইনি দল এরপরই ওই সাংবাদিক এবং সেই সাক্ষাৎকার প্রচার করা ইউটিউব চ্যানেলকে নোটিশ দিয়েছে। সেইসঙ্গে প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং সাতদিনের মধ্যে কনটেন্টটি সরিয়ে ফেলার কথা বলা হয়েছে। নোটিশে সতর্ক করা হয়েছে যে, তা যদি না করা হয়, তাহলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, সাবা কামার পাকিস্তানের একজন প্রখ্যাত অভিনেত্রী। তিনি বহুমুখী প্রতিভা ও দুর্দান্তা অভিনয়ের জন্য দর্শকমহলে ব্যাপক পরিচিত। ২০০৫ সালে ‘ম্যায় আওরাত হুন’ নাটকের মাধ্যমে টেলিভিশন ক্যারিয়ার শুরু। এরপর ‘দাস্তান’, ‘মাত’, ‘পানি জাইসা পিয়ার’ ও ‘বাঘি’র মতো জনপ্রিয় ধারাবাহিকে অসাধারণ অভিনয়ের মাধ্যমে অল্প সময়ে তারকা খ্যাতি অর্জন করেন তিনি।

টেলিভিশন ইন্ডাস্ট্রিতে সাফল্যের পাশাপাশি বড়পর্দায়ও অভিনয়ের মাধ্যমে প্রভাব ফেলেছিলেন এ অভিনেত্রী। ইরফান খানের বিপরীতে ‘হিন্দি মিডিয়াম’ (২০১৭) সিনেমায় অভিনয় করেন সাবা। এটি ছিল ব্যঙ্গাত্মক, যা কমার্শিয়াল ও সমালোচক উভয় ক্ষেত্রেই প্রশংসা লাভ করে। তার অভিনয় ভারত ও পাকিস্তান উভয় দেশেই সাড়া ফেলেছিল।

এছাড়া স্থানীয় সিনেমা ‘লাহোর সে আগে’ ও ‘কমলি’ সিনেমায় অভিনয় করেছেন সাবা কামার। এর মাধ্যমে নিজ প্রজন্মের অন্যতম সেরা অভিনেত্রী হিসেবেই খ্যাতি অর্জন করেন। অভিনয়ের বাইরে একজন মডেল ও উপস্থাপক হিসেবেও কাজ করেছেন সাবা কামার।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত