বিয়ের সময় প্রায় দুই লাখ টাকা ঋণ করেছিলেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের কাওসার আহমেদ। সেই ঋণ পরিশোধের জন্য বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখায় চুরির পরিকল্পনা করেন তিনি। গভীর রাতে ব্যাংকের মূল ফটকের তালা ভেঙে ভেতরে ঢুকে নিরাপত্তাকর্মীকে বেঁধে ভল্টের তালা ভাঙার চেষ্টা করেন। তবে নিরাপত্তাকর্মীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে আটক করেন। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোররাত সাড়ে ৩টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী বাজারে কৃষি ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার কাওসার উপজেলার সোহাগী ইউনিয়নের বৃ-কাঁঠালিয়া গ্রামের কৃষক রতন মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে ব্যাংকের সব গেট বন্ধ করে নিরাপত্তাকর্মী মাজহারুল ইসলাম ঘুমিয়ে পড়েন। এ সময় ব্যাংকের মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন কাওসার। পরে ঘুম থেকে ডেকে তুলে নিরাপত্তাকর্মীকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন তিনি। একপর্যায়ে গলায় চাকু ধরে নাইলনের রশি দিয়ে তাঁর হাত-পা বেঁধে ফেলেন। পরে গামছা দিয়ে মুখও বেঁধে রাখা হয়। নিরাপত্তাকর্মী মাজহারুল ইসলাম বলেন, কাওসার ব্যাংকের ভেতরের স্ট্রং রুমের দরজা ভাঙার চেষ্টা করছিলেন। তিনি কোনোভাবে বাঁধন খুলে দৌড়ে গিয়ে চিৎকার করেন। তাঁর চিৎকার শুনে বাজারের নৈশপ্রহরী ও স্থানীয় লোকজন এগিয়ে এসে কাওসারকে আটক করেন। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ব্যাংকটির ব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, ওই যুবক ব্যাংকের গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে নিরাপত্তাকর্মীকে বেঁধে ফেলেন। পরে ভল্টের তালা ভাঙার চেষ্টা করেন। নিরাপত্তাকর্মীর বুদ্ধিমত্তায় তাঁকে আটক করা সম্ভব হয়েছে। এ ঘটনায় ব্যাংকের কোনো টাকা খোয়া যায়নি এবং ভল্টেরও ক্ষতি হয়নি। কাওসার কৃষি ব্যাংকে ঋণ নিতে গিয়েছিলেন—এমন দাবি নাকচ করে ব্যবস্থাপক জানান, ওই যুবক কখনো ঋণের জন্য ব্যাংকে আসেননি। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, এ ঘটনায় কাওসারকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের কাছে তিনি জানিয়েছেন, কয়েক মাস আগে বিয়ের সময় প্রায় দুই লাখ টাকা ঋণ করেছিলেন। কৃষি ব্যাংকে ঋণ নিতে গিয়ে তা না পেয়ে চুরির পরিকল্পনা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে দস্যুতার অভিযোগে মামলা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম চলছে। পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় কাওসারের কাছ থেকে একটি হাতুড়ি, একটি চাকু, একটি বাটাল, দুটি স্ক্রু-ড্রাইভার ও একটি হেক্সো ব্লেড জব্দ করা হয়েছে।