প্রকাশ :: ... | ... | ...

দিনাজপুর শিক্ষা বোর্ডের ইতিহাসে সর্বনিম্ন পাসের হার, ৪৯ কলেজে সবাই ফেল


সংযুক্ত ছবি

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯৫৩ জন শিক্ষার্থী। গত বছর ২০২৫ সালে বোর্ডে পাসের হার ছিল ৫৭ দশমিক ৪৯ শতাংশ। সে হিসাবে চলতি বছর পাসের হার কমেছে ১১ দশমিক ৫১ শতাংশ। এটি দিনাজপুর শিক্ষা বোর্ডের ইতিহাসে সর্বনিম্ন পাসের হার। আজ ৩১ অক্টোবর শনিবার সকাল ১১টায় দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান স্বাক্ষরিত পরিসংখ্যান তুলে ধরে ফলাফলের তথ্য জানান বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন। পরিসংখ্যানে জানানো হয়, এবার দিনাজপুর বোর্ডের অধীনে আট জেলার ৬৬৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১ লাখ ১১ হাজার ৭৮৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে পাস করেছেন ৫১ হাজার ৩৯৮ জন। মোট পাসের হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ। এবার এ বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯৫৩ জন। তাঁদের মধ্যে ছাত্র ১ হাজার ৩৮৩ জন এবং ছাত্রী ১ হাজার ৫৭০ জন। এবার শতভাগ পাস করেছে ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। অন্যদিকে ৪৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। শিক্ষা বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৬ সালে দিনাজপুর বোর্ডে পাসের হার ছিল ৭৪ দশমিক ৬৪ শতাংশ, ২০১৭ সালে ৬৫ দশমিক ৪৪ শতাংশ, ২০১৮ সালে ৬০ দশমিক ২১ শতাংশ, ২০১৯ সালে ৭১ দশমিক ৭৮ শতাংশ। ২০২০ সালে করোনার কারণে পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় শতভাগ শিক্ষার্থীকে উত্তীর্ণ ঘোষণা করা হয়। ২০২১ সালে সব বিভাগের তিনটি ঐচ্ছিক বিষয়ে পরীক্ষা হওয়ায় পাসের হার ছিল ৯২ দশমিক ৪৩ শতাংশ। ২০২২ সালে সব বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হলে পাসের হার দাঁড়ায় ৭৯ দশমিক ০৮ শতাংশ। ২০২৩ সালে ৭৪ দশমিক ৪৮ শতাংশ, ২০২৪ সালে ৭৭ দশমিক ৫৬ শতাংশ এবং ২০২৫ সালে ৫৭ দশমিক ৪৯ শতাংশ শিক্ষার্থী পাস করেন। এবারের ফলাফলে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তুলনামূলক ভালো করেছেন। বিজ্ঞান বিভাগের পাসের হার ৬৬ দশমিক ৭৭ শতাংশ, মানবিক বিভাগের ৩৯ দশমিক ৯৩ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগের পাসের হার ৩৫ দশমিক ৭৩ শতাংশ। লিঙ্গভিত্তিক ফলাফলে ছেলেদের পাসের হার ৪১ দশমিক ৩১ শতাংশ এবং মেয়েদের ৫০ দশমিক ২৬ শতাংশ। শু/আজা