প্রকাশ :: ... | ... | ...

বেরোবির এক পরিচালকের কক্ষে তালা


সংযুক্ত ছবি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালকের অপসারণের দাবিতে আলটিমেটাম দিয়েও দাবি আদায় না হওয়ায় দপ্তরটিতে তালা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার (১৫ নভেম্বর) দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় স্পোর্টস অ্যাসোসিয়েশন (ব্রুসা) ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে শারীরিক শিক্ষা দপ্তরে তালা লাগিয়ে দেন। এর আগে ব্রুসার ফেসবুক পেজ থেকে রোববার দুপুর ১২টার মধ্যে পরিচালককে অপসারণের দাবিতে ১২ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল। এ ছাড়া সংশ্লিষ্ট শাখায় একজন শিক্ষককে পরিচালক না করে একজন কর্মকর্তাকে এ পদে নিয়োগ দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে আসছিলেন শিক্ষার্থীরা। গত সপ্তাহে তাঁকে অপসারণের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপিও দিয়েছিলেন তাঁরা। তালা ঝুলিয়ে দেওয়ার পর ব্রুসার সভাপতি মনিবুর রহমান মিতু বলেন, প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁদের আশানুরূপ কোনো ফল পাওয়া যায়নি। বিভিন্ন দফায় কথা বলার পরও প্রশাসন তাঁদের সঙ্গে যোগাযোগ করেনি। আগে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছিল। সেই সময় পেরিয়ে যাওয়ার পর তাঁরা শারীরিক শিক্ষা দপ্তরে তালা লাগিয়েছেন। এ বিষয়ে বেরোবির রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে জানানো হবে। প্রসঙ্গত, গত ২৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ও ইনফরমেশন সেন্টারের উপগ্রন্থাগারিক মো. মামদুদুর রহমানকে শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক হিসেবে নিয়োগ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। নিয়োগ দেওয়ার পর থেকেই তাঁর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে অপসারণের দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থীরা। সম্প্রতি বেরোবি উপাচার্যের কার্যালয়ে কর্মকর্তাদের মারামারির ঘটনায় অন্যতম অভিযুক্ত হিসেবেও তাঁর নাম এসেছে।