রংপুরের একটি আবাসিক হোটেল থেকে মাদকসহ দুই পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। পরে আদালত তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আটক দুই পুলিশ সদস্য হলেন সিরাজগঞ্জের বেলকুচি থানার কোনাবাড়ী গ্রামের ওমর আলী এবং দিনাজপুরের বিরল উপজেলার মোহনপুর গ্রামের মিথুল ইসলাম। গত ১৬ অক্টোবর শুক্রবার বিকেলে তাঁদের রংপুর মেট্রোপলিটন আদালতে নেওয়া হলে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার চ্যাটার্জি। এর আগে, ১৫ অক্টোবর বৃহস্পতিবার রাতে রংপুর নগরীর পায়রা চত্বরে অবস্থিত স্কাই ভিউ হোটেলের একটি কক্ষ থেকে ওই দুই পুলিশ সদস্যকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় কক্ষটিতে তল্লাশি চালিয়ে খাটের নিচে ডার্বি সিগারেটের প্যাকেটে রাখা ১৯টি ইয়াবা ট্যাবলেট, ইয়াবা সেবনের পাইপ, চারটি গ্যাস লাইটার ও দুটি ফয়েল পেপার জব্দ করা হয়। পরে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রংপুর কার্যালয়ের পরিদর্শক তাহামুদার রহমান বাদী হয়ে ওই দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেন। রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার চ্যাটার্জি বলেন, আদালত দুই পুলিশ সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। অভিযুক্ত ওমর আলী চাকরিরত অবস্থায় এর আগেও মাদকসহ গ্রেপ্তার হয়েছিলেন। বর্তমানে তিনি বরখাস্ত রয়েছেন। অপর অভিযুক্ত মিথুল ইসলাম রংপুর পুলিশ লাইন্সে কনস্টেবল হিসেবে কর্মরত আছেন।